ফিরলেন বাট, বিপাকে কানেরিয়া
একজন ইংল্যান্ডের জেল থেকে ছাড়া পেয়ে ফিরলেন পাকিস্তানে। আরেকজন পাকিস্তান থেকে ইংল্যান্ডের জেলে যাওয়ার ‘অপেক্ষায়’। সাত মাসের জেল খেটে শুক্রবার দেশে ফিরেছেন সালমান বাট। আর ওই দিনই কাউন্টিতে ম্যাচ পাতানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দানিশ কানেরিয়া। পাকিস্তানি লেগ স্পিনারের জন্য হয়তো অপেক্ষা করছে জেল। এরই মধ্যে তাঁকে আজীবন নিষিদ্ধ করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি আয়োজিত কোনো ধরনের ক্রিকেট আর অংশ নিতে পারবেন না তিনি।বাটের জেল হয়েছিল ৩০ মাসের। তবে সদাচরণের জন্য মাত্র সাত মাসেই ছাড়া পেয়েছেন। বুধবার ছাড়া পেয়েই রওনা দেন দেশের উদ্দেশে। রাত আড়াইটায়ও লাহোর বিমানবন্দরে বাটকে ঘিরে ছিল মানুষের ভিড়। সংবাদকর্মীদের কাছে নিজেকে নির্দোষও দাবি করলেন বাট, ‘স্পট ফিক্সিং বা কোনো ধরনের ফিক্সিংয়ের জন্যই আমি কাউকে নো-বল বা অন্যায্য কোনো কিছু করতে বলিনি।’ বাট নিজের দায় দেখছেন শুধু এক জায়গাতেই, তা হলো বাজিকর মাজহার মজিদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর আইসিসিকে বিষয়টি তিনি জানাননি। কানেরিয়া দোষী সাব্যস্ত হয়েছেন মারভিন ওয়েস্টফিল্ড স্পট ফিক্সিং-কাণ্ডে। ২০০৯ সালে কাউন্টির ওয়ানডেতে এসেক্স ও ডারহামের ম্যাচে ইচ্ছা করেই বাজে খেলার কথা স্বীকার করেছেন ওয়েস্টফিল্ড। গত ফেব্রুয়ারিতে চার মাসের জেলও হয় এসেক্স পেসারের। ওয়েস্টফিল্ড বলেছিলেন তাঁকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন কানেরিয়া, বুকিদের সঙ্গে যোগাযোগও হয়েছে কানেরিয়ার মাধ্যমে। কানেরিয়া অভিযোগ অস্বীকার করলেও ওয়েস্টফিল্ডের দাবি সত্য প্রমাণিত হয়েছে ইসিবির ডিসিপ্লিনারি প্যানেলে। ওয়েবসাইট।