ফিরলেন যুবরাজ-ভাজ্জি
ক্যানসার জয় করে ফেরাকে বলছেন ক্যারিয়ারের নতুন শুরু। আর এই অধ্যায়ে সবচেয়ে বড় স্বপ্ন ছিল টেস্ট দলে ফেরা। যুবরাজ সিংয়ের সেই স্বপ্নও পূরণ হয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন মৃত্যুঞ্জয়ী অলরাউন্ডার। টেস্ট দলে ফিরেছেন আরেক সিং, হরভজনও। ফিরেছেন ওপেনার মুরালি বিজয়। বাদ পড়েছেন সুরেশ রায়না।সন্দ্বীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রথম টেস্ট দল নির্বাচনের সভায় ছিলেন মহেন্দ্র সিং ধোনিও। টেস্ট দলে ফিরতে হলে ফিটনেসের চূড়ান্ত প্রমাণ দিয়ে ফিরতে হবে, কদিন আগে যুবরাজকে এই চ্যালেঞ্জ ছুড়েছিলেন ভারত অধিনায়ক। দিলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরি, ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিফটি করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে পারফরম্যান্স-ফিটনেস দুটিরই প্রমাণ দেন যুবরাজ। হরভজন চোটের কারণে টেস্ট দলে জায়গা হারিয়েছিলেন গত বছর ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টের পর। তবে এর আগে পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে এমনিতেই হয়তো জায়গা হারাতে হতো। ভারতের মহাবিপর্যয়ের ওই সিরিজেই ২ উইকেট নিয়েছিলেন ২৮৭ রান খরচায়। নিজের বাজে ফর্ম আর অশ্বিন-ওঝাদের দাপুটে পারফরম্যান্সে টেস্ট খেলার সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়ানো (৯৮) স্পিনারের ক্যারিয়ার থমকে যায়। সম্প্রতি এমন কোনো পারফরম্যান্সও দেখাতে পারেননি, তবুও ফিরতে পেরেছেন মূলত বিকল্পের অভাবে। গত সিরিজের তৃতীয় স্পিনার পীযূষ চাওলা চোটে আক্রান্ত, অমিত মিশ্রর ফর্মের অবস্থা আরও করুণ। ওয়েবসাইট।বিজয় সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজে। আড়াই বছর আগে টেস্ট অভিষেকে সেঞ্চুরির পর ১৬ টেস্টে আর সেঞ্চুরি পাননি রায়না। সর্বশেষ পাঁচ ইনিংসে তিনবার আউট হয়েছেন শূন্য রানে। ভারত টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, প্রজ্ঞান ওঝা, অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, মুরালি বিজয়, জহির খান, হরভজন সিং।