ফিরলেন রোনালদিনহো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর ব্রাজিল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু সবাইকে অবাক করে আবার ব্রাজিল দলে ফিরলেন রোনালদিনহো। আগামী ৫ সেপ্টেম্বর লন্ডনে ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে দুবারের ফিফা বর্ষসেরাকে রেখেছেন ব্রাজিল কোচ মানো মেনেজেস। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলোও। চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের মাঝমাঠ মাতানো ড্যানিলোও সুযোগ পেয়েছেন মূল দলে।৩১ বছর বয়সী রোনালদিনহো ব্রাজিলের জার্সিতে সর্বশেষ খেলেছেন গত নভেম্বরে। মেনেজেস জানালেন, ঘরোয়া ফুটবলের ফর্মই রোনালদিনহোকে ফেরানোর কারণ, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছে রোনালদিনহো। দেশে ফেরার পর নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে এবং দুর্দান্ত ফর্মে আছে। ফ্ল্যামেঙ্গোকে যেভাবে সহায়তা করেছে, জাতীয় দলকেও সেভাবে সাহায্য করতে পারে।’ চলতি মৌসুমে ফ্ল্যামেঙ্গোর হয়ে ১৫ গোল করেছেন রোনালদিনহো। এএফপি।