ফিরলেন রোনালদিনহো
কার্লোস দুঙ্গার চোখে ‘বাতিল’ রোনালদিনহো ২০১০ বিশ্বকাপ খেলতে পারেননি। কিন্তু দেশের মাটিতে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে তাঁর সামনে। ব্রাজিল কোচ মানো মেনেজেস আরও একবার জানিয়ে দিলেন, তাঁর ২০১৪ বিশ্বকাপ পরিকল্পনায় রোনালদিনহো আছেন ভালোমতোই। দশ মাসের ‘বিরতি’র পর গত সেপ্টেম্বরে ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে আবার জাতীয় দলের জার্সি গায়ে তোলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। পরে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলের জয়ে একটি গোলও করেন ফ্ল্যামেঙ্গো তারকা। কিন্তু এ বছর ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচের একটিতেও দলে ছিলেন না এই প্লে-মেকার। গ্যাবন ও মিসরের বিপক্ষে ম্যাচ দুটিতে দলে ছিলেন না সান্তোসের দুই তারকা নেইমার এবং গানসোও। এবার তিনজনই ফিরলেন একসঙ্গে। ২৮ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য পরশু মেনেজেসের ঘোষিত ২৩ সদস্যের দলে আছেন রোনালদিনহো, নেইমার, গানসো তিনজনই। রোনালদিনহো ফিরলেও বাদ পড়েছেন কাকা। রবিনহো উপেক্ষিতই। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাকা গ্যাবন ও মিসরের ম্যাচের দলে থাকলেও চোটের কারণে খেলতে পারেননি। এসি মিলান তারকা ‘অবহেলিত’ ছিলেন বছরের প্রথম ওই দুই ম্যাচেও।শুধু ২০১৪ বিশ্বকাপই নয়, রোনালদিনহো-নেইমার-গানসো ব্রাজিল কোচের ২০১৩ কনফেডারেশন কাপের পরিকল্পনারও অংশ। বসনিয়ার ম্যাচটি তাই মেনেজেসের জন্য এই ‘ত্রয়ী’কে দেখে নেওয়ার সুযোগ। ৩১ বছর বয়সী রোনালদিনহো সম্পর্কে ব্রাজিল কোচের কথা, ‘যখন আমি রোনালদিনহোকে দলে ডাকি (ঘানার বিপক্ষে ম্যাচে), আমার কাছে জানতে চাওয়া হয়, এটা অস্থায়ী, নাকি বিশ্বকাপ পরিকল্পনার অংশ? আমি বলেছিলাম, আমি তাকে বিশ্বকাপ পরিকল্পনার অংশই মনে করছি। যা বলেছিলাম, সেই অবস্থানেই আছি আমি।’ নেইমার-গানসোর সঙ্গে ২৩-এর বেশি বয়সী খেলোয়াড় হিসেবে রোনালদিনহো আছেন লন্ডন অলিম্পিকের দলেও। আন্তর্জাতিক বড় টুর্নামেন্টগুলোর মধ্যে কেবল অলিম্পিক শিরোপাই এখনো অধরা ব্রাজিলের। রয়টার্স।