ফিরলেন হরিজ-হিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরতে পাখির চোখ করেছিলেন ভারত সিরিজকে। কিন্তু এই সিরিজটাও টিভির পর্দায়ই দেখতে হবে ব্র্যাড হাডিনকে। অস্ট্রেলীয় উইকেটকিপার ফিরতে না পারলেও চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ফিলিপ হিউজ ও নাথান হরিজ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটায় খেলতে পারেননি ‘থ্রি এইচ’ হাডিন, হিউজ ও হরিজ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন প্রায় সাড়ে ৬ ফুট লম্বা ফাস্ট বোলার জোশ হ্যাজলউড। ১ অক্টোবর মোহালি টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।শুধু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নয়, কনুইয়ের চোট হাডিনকে বাইরে রেখেছিল জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। চোটটা কাটিয়েছেন তিনি, তবে এখন আছেন পুনর্বাসন-প্রক্রিয়ায়। অ্যাশেজ সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের ফিজিও অ্যালেক্স কন্টুরি অবশ্য বলেছেন, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ কিংবা শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজেও পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন হাডিন।পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নজর কেড়েছিলেন স্টিভেন স্মিথ। তরুণ লেগ স্পিনারের পক্ষে ছিল তাঁর ব্যাটিংটাও। তবে অধিনায়ক রিকি পন্টিং বলে দিয়েছিলেন, ফিট থাকলে দলে হরিজের জায়গা নিশ্চিত। এই অফ স্পিনারের ভারত যাওয়া নিয়ে তাই সংশয় ছিল না। দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন স্মিথও। চোট কাটিয়ে ওঠায় ফেরা নিশ্চিত ছিল সর্বশেষ খেলা টেস্টে ৭৫ বলে অপরাজিত ৮৬ রান করা ওপেনার হিউজেরও।তবে চমক বলতে হবে হ্যাজলউডের ডাক পাওয়াকে। গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলা পেসার প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মোটে ৬টি। তবে ১৯ বছর বয়সী পেসারকে মনে করা হচ্ছে অস্ট্রেলীয় ক্রিকেটের ভবিষ্যৎ। এই তিনজনকে জায়গা দিতে কাটা পড়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান উসমান খাজা, বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফি ও পেসার ক্লিন্ট ম্যাকে। বাজে ফর্মের পরও টিকে গেছেন ব্যাটসম্যান মার্কাস নর্থ, টিকে গেছেন রায়ান হ্যারিসের চোটের কারণে পাকিস্তান সিরিজের দলে থাকা পেসার পিটার জর্জও।