নতুন মৌসুমে আজ প্রথম মাঠে নামছে আবাহনী। ঠিক আগের রাতেই আবাহনীতে ঘটল একটা বিস্ফোরণ। কোচ নাথান হলের সঙ্গে আকস্মিক বিচ্ছেদ! গত রাতেই ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ ফিরে গেলেন তাঁর ঠিকানা থাইল্যান্ডে।
হলকে মাস দুয়েক আগে নিয়োগ দিয়েছিল আবাহনী। কিন্তু ক্লাবে এসেই খেলোয়াড়দের থাকা-খাওয়ার পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন হল। পেশ করেন অত্যাবশ্যকীয় কিছু চাহিদাও। আবাহনী এগুলো ভালোভাবে নিতে পারেনি বলে অভিযোগ তুলে গেছেন হল।
পরশু বিকেলে আবাহনী ক্লাবে গিয়ে দেখা যায় খেলোয়াড়দের একটা কক্ষের জানালার কাচ ভাঙা। কক্ষে মশা-মাছির অবাধ যাতায়াত। অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশ। হল যখন এসব দেখিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন, তখনই আবাহনীর ম্যানেজার সত্যজিত্ দাস ক্লাবে ঢোকেন। হল সাংবাদিককে এসব বলছেন জেনে সঙ্গে সঙ্গেই তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
গত রাতে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হল ফোনে বলেছেন, ‘আবাহনীকে আমি সহায়তা করতে চেয়েছিলাম। ক্লাবের পরিবেশ অস্বাস্থ্যকর, বাথরুম, রান্নাঘর যাচ্ছেতাই। এশিয়ায় আমি অনেক দেশে গিয়েছি, আবাহনীর পরিবেশই সবচেয়ে বাজে। কিন্তু ক্লাব পরিবেশ উন্নত করা এবং ভালো ফুটবল খেলার জন্য আবশ্যকীয় চাহিদাগুলো পূরণ করতে রাজি হয়নি। এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় বলেই পারস্পরিক সমঝোতায় বিদায় নিয়েছি।’
তবে আবাহনীর ম্যানেজার সত্যজিত্ দাস জানাচ্ছেন, ‘সে (হল) খেলোয়াড়দের মধ্যে বিভেদ তৈরি করছিল। ব্রাজিলিয়ান আর আফ্রিকানদের সমানভাবে দেখত না। সে দলটাকে ঠিকভাবে চালাতে পারছিল না। তাই আমরাই তাকে বিদায় করে দিয়েছি।’
এর আগে আবাহনীতেই কাজ করে যাওয়া ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমিকেই আবার আনছে আবাহনী।