ফিরে আপাতত খেলাই দেখবেন রুবচিচ
এক মাস ছুটি কাটিয়ে আজ ফিরছেন রবার্ট রুবচিচ। জাতীয় ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ এসেই অবশ্য কাজে নামতে পারছেন না। বাংলাদেশ লিগের খেলা দেখেই তাঁকে সময় কাটাতে হবে। আপাতত এর বাইরে তাঁর হাতে অন্য কোনো কাজও দিতে পারছে না বাফুফে।আগামী ২৯ জুন ও ৩ জুলাই জাতীয় দলের ম্যাচ আছে। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের সেই দুই ম্যাচে পাকিস্তানকে হারানোর চ্যালেঞ্জ সামনে। কিন্তু বাংলাদেশ লিগ চলার কারণে আলাদা প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। লিগটাই এখন সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। এটা বাফুফের অতীত থেকে পাওয়া শিক্ষা।আগে জাতীয় দলের প্রস্তুতির জন্য লিগ বন্ধ করা হতো। কিন্তু আস্তে আস্তে সেই ধারা থেকে বেরিয়ে আসছে দেশের ফুটবল। তবে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি মনে করে, জাতীয় দলের প্রস্তুতির জন্য সময় দরকার।কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, ‘কোচকে কাজ দিতে পারছি না লিগ চলার কারণে। তবে আগামীতে তাঁর জন্য অন্য কাজ ঠিক করা হবে। অনূর্ধ্ব-১৯ দল তাঁর হাতে দেওয়ার চিন্তাভাবনা চলছে। কোচ এলে আপাতত লিগের খেলাই দেখবেন।’