ফিরে আসছে আট বছর আগের স্মৃতি
এটা এক ধরনের পুনর্মিলনী। আগামীকাল স্পেন-ফ্রান্স ম্যাচের আগে নাসরি, ফ্যাব্রিগাসরা স্মৃতিকাতরতায় ভুগতেই পারেন। সেই ২০০৪ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। ফ্রান্সের সেই দলে ছিলেন নাসরি, বেন আরফার মতো তরুণেরা, ওদিকে স্পেন দলে ছিলেন ফ্যাব্রিগাস, পিকেরা। শেষ হাসিটা সেবার ফ্রান্সই হেসেছিল, স্পেনকে ২-১ গোলে হারানোর পথে জয়সূচক গোলটা করেছিলেন নাসরি। দুই বছর পর জাতীয় দলের হয়ে সেই তরুণেরা কেউ খেলেননি বটে, কিন্তু জিদান-জাদুতে ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে স্পেনকে আরও একবার পেতে হয়েছে পরাজয়ের তিক্ত স্বাদ। এখন পরিস্থিতি অনেকটাই অন্য রকম, ইউরোর শেষ আটে মুখোমুখি হওয়ার আগে এগিয়ে স্পেন।ফ্রান্সের সেই যুবদলটির কোচ ফিলিপ বার্গেরু সেই সময়ের কথা বলতে গিয়ে বেন আরফাকেই মনে করলেন সবার আগে, ‘বেন আরফাই ছিল সেরা। সে একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত।’ নিউক্যাসলে বেন আরফার এবারের মৌসুমটা বেশ ভালো কেটেছে। কিন্তু এ পর্যন্ত যে উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ার যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছাতে পেরেছেন কই? নাসরি অবশ্য এবারই ম্যানচেস্টার সিটিকে লিগ জিতিয়ে এসেছেন, ওদিকে ফ্যাব্রিগাস-পিকে তো বার্সেলোনায় পরীক্ষিত নাম। ২০১০ বিশ্বকাপ-ব্যর্থতার পর লা ব্লুজদের দায়িত্ব নিয়েই লরাঁ ব্লাঁ দলের খোলনলচে বদলে দিয়েছেন। তাঁর অধীনেই কুঁড়ি হয়ে থাকা প্রতিভাবান তরুণেরা ফুল হয়ে ফুটতে শুরু করেছেন, নাসরি-বেন আরফাদের পাশাপাশি বেনজেমা-মেনেজদের এই দল তাই তারুণ্যের দুর্দম শক্তির প্রতীক। তিউনিসিয়ান বংশোদ্ভূত বেন আরফা বা আলজেরিয়ায় নাড়ি পোঁতা বেনজেমা-নাসরিদের নিজেদের প্রমাণ করার সুযোগ অবশ্য সামনেই, এ মুহূর্তে এই স্পেন দলকে হারানোর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কী হতে পারে? এএফপি।