ফিরে আসবে ‘টাইমলেস টেস্ট’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষ হয়ে যায়, শেষ হয় না টেস্ট! কিন্তু ফলাফলই যদি না হয়, কীভাবে নির্ধারিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন? ৭০ বছর পর তাই আবারও দেখা যেতে পারে ‘টাইমলেস টেস্ট’। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত জানিয়েছেন, ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি পাঁচ দিনের না হয়ে হতে পারে ‘টাইমলেস’। ফলাফল না হওয়া পর্যন্ত চলবে খেলা।‘টাইমলেস টেস্ট’ সর্বশেষ হয়েছে ১৯৩৯ সালে, খেলেছিল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। অবশ্য ইংল্যান্ড দলের জাহাজ ধরার তাড়া ছিল বলে শেষ পর্যন্ত সেটি আর ‘টাইমলেস’ থাকেনি, ১২ দিন পর (খেলা হয়েছে নয় দিন) টেস্ট ড্র ঘোষণা করা হয়।২০১৩ সালে অনুষ্ঠেয় প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ওই সময়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় চার দল। লরগাত জানিয়েছেন, ফাইনালের আগের দুটি টেস্টের জন্যও জয়-পরাজয় নির্ধারণের উপায় খুঁজছে এখন আইসিসি, ‘শীর্ষ চার দল দুটি সেমিফাইনাল খেলবে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নির্ধারণে দুই জয়ী দল খেলবে ফাইনাল—এটাই এখন পর্যন্ত চিন্তাভাবনা। ড্র ম্যাচগুলোর ফলাফল প্রথম ইনিংসে এগিয়ে থাকার ভিত্তিতে হবে, নাকি মোট রানের ভিত্তিতে, সেটা এখনো আমরা জানি না। তবে গ্রহণযোগ্য একটি ফর্মুলা নিশ্চয়ই বের করা হবে।’২০০৫ সালের অক্টোবরে আইসিসি সুপার সিরিজেও এমন ফলাফল নিশ্চিত করার ব্যাপার ছিল। যে কারণে সিডনিতে অস্ট্রেলিয়া বনাম আইসিসি বিশ্ব একাদশ ‘সুপার টেস্ট’টি ছিল ছয় দিনের। কিন্তু চার দিনেই ২১০ রানে সেই টেস্ট জিতে যায় অস্ট্রেলিয়া।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে শীর্ষস্থানীয় টেস্ট দলগুলোর মধ্যে এখন থেকেই ব্যাপক উৎসাহ সঞ্চারিত হচ্ছে বলে মনে হচ্ছে আইসিসির প্রধান নির্বাহীর, ‘র‌্যাঙ্কিং নিয়ে বাড়তি আগ্রহটা এর মধ্যেই চোখে পড়ছে। এখন যারা ওপরে আছে...দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে যেকোনো এক দল শীর্ষ চারে থাকবে না।’ ওয়েবসাইট।