ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন শুরুর বেশ আগেই চলে এসেছিলেন। পরিচিত সংবাদকর্মীদের সঙ্গে মেতে উঠলেন আড্ডায়। তামিম ইকবাল, আকরাম খান...বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে জানতে চাইলেন। একপর্যায়ে বললেন, ‘আমি কোচ থাকলে এসব হতেই দিতাম না...।’ সেটা হয়তো তিনি পারতেন, বাংলাদেশের কোচ থাকার সময় ডেভ হোয়াটমোর যে নির্বাচক কমিটিরও অংশ ছিলেন! বর্তমান কোচ স্টুয়ার্ট ল-র সেই সৌভাগ্য হয়নি। মাঝে একবার কলকাতার বয়সভিত্তিক এক দল নিয়ে এসেছিলেন। এবার এলেন পাকিস্তান জাতীয় দলের কোচ হয়ে। হোয়াটমোর জানালেন বাংলাদেশে ফেরার অনুভূতি, ‘খুব ভালো লাগছে, এত এত পরিচিত মুখ এখানে...। চারপাশে পরিচিত মুখগুলোকে দেখলে সব সময়ই ভালো লাগে। অনেক অনেক স্মৃতি এখানে, কিছু ভালো, কিছু অত ভালো নয়... তবে আবার এখানে এসে ভালোই লাগছে।’কণ্ঠে খুব বেশি স্মৃতিকাতরতা নেই। বাংলাদেশ নিয়ে খুব বেশি আবেগ যে পুষে রাখেননি, এটা পরিষ্কার বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্নেও, ‘আমার পক্ষে বলা কঠিন। গত কয়েক বছর বাইরে থেকে বাংলাদেশকে দেখেছি। অনেক অনেক ভালো দল আছে, বাংলাদেশের জন্য তাই ভালো করা কঠিন। তারা নিশ্চয়ই সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করে। তবে আমি এটা বলার মতো অবস্থায় নেই। দলটা তো আমার নয়, অন্যের দল।’