ফিরে আসার হাতছানি

হাসপাতাল থেকে মোটামুটি সুস্থ করে বাসায় এনেছিলেন মাকে। কিন্তু সে রাতেই ঘটে গেল জীবনের সবচেয়ে বড় অঘটন। হঠাৎ করেই চলে গেলেন মা। রকিবুল হাসান কিংকর্তব্যবিমূঢ়। জামালপুরের বাড়িতে কাল মায়ের আত্মার শান্তির জন্য মিলাদ পড়িয়েছেন। টেলিফোনেও রকিবুল বারবার বলছিলেন, ‘আমার মায়ের জন্য দোয়া করবেন।’
বেঁচে থাকলে উল্টো মা-ই হয়তো এখন দোয়া করতেন রকিবুলকে। কাল বাদে পরশু ইংল্যান্ডের বিমানে উঠবেন। ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড যাওয়াটা খুব বড় কিছু না হলেও রকিবুল এমন একটা সুযোগের অপেক্ষায়ই তো ছিলেন!
রকিবুল শুধু নন, ইমরুল কায়েস আর ফরহাদ রেজার জন্যও এই ইংল্যান্ড সফর হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার সুযোগ। জাতীয় দলে একটা সময় তিনজনই ছিলেন নিয়মিত। কিন্তু এঁরা কেউই আর ২০১১ সালের পর বাংলাদেশ দলের হয়ে খেলেননি। ‘এ’ দলের সফরের পর পরই জাতীয় দল হোম সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডে ভালো খেলা মানেই আবারও জাতীয় দলের কড়া নাড়া।
রকিবুল অবশ্য ব্যাপারটাকে সেভাবে দেখছেন না, ‘আমি আপাতত শুধু ইংল্যান্ডে ভালো খেলার চিন্তাই করছি। ভালো খেলার পর কী হবে সেটা নিয়ে ভাবছি না।’ ২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় নিজের সর্বশেষ টেস্টটা খেলেছিলেন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ওই বছরেরই এপ্রিলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরার সুযোগটাকে রকিবুল হাতে তুলতে চান নিজের ব্যাটের সামর্থ্যেই, ‘ভালো খেললে সুযোগ এমনিতেই আসবে। দলে জায়গা পাকা করতে ভালো খেলার বিকল্পও নেই। আমি চেষ্টার ত্রুটি করব না। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
ইমরুলও সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১১-এর নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের মাসে হওয়া পাকিস্তান সিরিজের পর ওয়ানডেও আর খেলেননি। ব্যাটিং নিয়ে চিন্তাভাবনায় ভুল থাকার কারণেই নিজের এই পিছিয়ে পড়া বলে মানেন ইমরুল। ইংল্যান্ড সফরে সেই ভুল শুধরে আবারও আসতে চান পাদপ্রদীপের আলোয়। নিজেকে ফিরে পেতে এতটাই মরিয়া যে ‘এ’ দলের প্রস্তুতি আনুষ্ঠানিক শেষ হয়ে যাওয়ার পরও প্রায় প্রতিদিনই আরও কয়েকজনের সঙ্গে মিরপুরের ইনডোরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ওপেনার। কাল বিকেলে অনুশীলন শেষে বলছিলেন, ‘আমার জন্য এটা অনেক বড় সুযোগ। ইংল্যান্ডে ভালো খেলে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার চেষ্টা করব।’
‘এ’ দল আর জাতীয় দলের হয়ে এর আগের ইংল্যান্ড সফর আশাবাদীই করছে ইমরুলকে, ‘বাউন্সি উইকেটে খুব একটা খারাপ ব্যাটিং করি না আমি। শুরুর দিকে সমস্যা হতে পারে। তবে এর সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে চ্যালেঞ্জ।’
জাতীয় দলে যাওয়ার সিঁড়ি হতে পারে বলে ইংল্যান্ড সফরটাকে গুরুত্ব দিচ্ছেন ‘এ’ দলের অনেক ক্রিকেটারই। ইংল্যান্ড লায়ন্স বা প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ কাউন্টি দলগুলো ছাড়া নিজেদের মধ্যে সুপ্ত প্রতিদ্বন্দ্বিতাও ইমরুলের কাছে স্বাগত, ‘বর্তমান জাতীয় দলের নিয়মিত কিছু ক্রিকেটার আছে “এ” দলে। আবার অনেকের জন্য এটা কামব্যাক টুর্নামেন্টও হতে পারে। দলে এ রকম প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো। সিরিজ জিততে হলে তো সবাইকেই ভালো খেলতে হবে।’
ইংল্যান্ড যাওয়ার আগে কয়েক দিনের ছুটি পেয়ে ফরহাদ রেজা চলে গেছেন রাজশাহী। পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটা করে দিয়ে আজই ফিরবেন ঢাকায়। কাল টেলিফোনে যখন পাওয়া গেল, তখনো কেনাকাটায় ব্যস্ত ফরহাদ। তার মধ্যেই জাতীয় দলে ফেরার তাড়নাটা পাওয়া গেল এই অলরাউন্ডারের কণ্ঠে, ‘আমার একটাই টার্গেট—সর্বস্ব উজাড় করে নিজেকে প্রমাণ করা। ব্যাটিং-বোলিং নিয়ে গত এক-দেড় মাস অনেক কাজ করেছি। প্র্যাকটিসে ভালো করেছি। আমার আত্মবিশ্বাস, পারব।’
পাকিস্তানের বিপক্ষে ২০১১-এর হোম সিরিজের পর থেকেই আর জাতীয় দলে নেই ফরহাদ। দেশের হয়ে খেলতে ইংল্যান্ডেও যাচ্ছেন এই প্রথম। আগে দুবার সিক্স-এ-সাইড ক্রিকেট খেলতে গিয়ে দুবারই হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ‘এ’ দলের সফরে ওই সাফল্য ফরহাদকে জোগাচ্ছে অনুপ্রেরণা, ‘ইংলিশ কন্ডিশন কিছুটা হলেও বুঝতে পেরেছি ওই দুবার গিয়ে। তবে টেলিভিশনে কাউন্টির কিছু ম্যাচ দেখেছি। এখনকার আবহাওয়ায় উইকেট একটু ফ্ল্যাট মনে হচ্ছে। বোলারদের বুদ্ধি খাটিয়ে বল করতে হবে।’
তারুণ্যের পদচারণে জাতীয় দল হয়তো আপাতত মিস করছে না ইমরুল, রকিবুল, ফরহাদদের। তবে ‘এ’ দলের ইংল্যান্ড সফর জাতীয় দলে ঢোকার পথে আরেকটু ভিড় বাড়ালে ক্ষতি কি?