ফিরে আসুন মোহাম্মদ আলী

অনেকটা নীরবে-নিভৃতেই মৃত্যুর অমোঘ জগতের দিকে হেঁটে যাচ্ছেন মোহাম্মদ আলী। যে দুরারোগ্য পারকিনসন এই বক্সিং কিংবদন্তির সঙ্গী ৩০ বছর ধরে, তা উন্মুখ চূড়ান্ত ছোবলের লক্ষ্যে। ৭২ বছর বয়সী বিশ্ব ক্রীড়ার সর্বকালের অন্যতম আলোচিত ও ক্যারিশমাটিক এই ব্যক্তিত্ব জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেই। তাঁর পরিবারের শঙ্কা, এই বছরটা হয়তো পার করতে পারবেন না বিশ্ব ক্রীড়ার এই মহাতারকা। খেলোয়াড়ি জীবনে অসংখ্য লড়াইয়ে প্রতিপক্ষকে পরিষ্কার ব্যবধানে হারালেও জীবন-মৃত্যুর লড়াইটা তাঁর জন্য বড় কঠিন হয়েই দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ এই ক্রীড়াব্যক্তিত্বকে জীবনের পথে ফিরিয়ে আনতে ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। শঙ্কার ব্যাপারটি মাথায় রেখেই তাঁদের সবার আশা, বক্সিং রিংয়ের মতোই হয়তো শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবেন আলী। বাঁ হাতের লাগসই এক ঘুষিতে তিনি পরাভূত করবেন মৃত্যু-শঙ্কাকে। হাসপাতালের বিছানায় অসহায় চেহারায় শুয়ে মৃত্যুর অপেক্ষা যে তাঁকে ঠিক মানায় না।
পারকিনসন রোগে আক্রান্ত আলী ৩০ বছর ধরেই। এত বছর ধরে ধীরে ধীরে এই পারকিনসন ক্ষয় করেছে তাঁর জীবনী-শক্তি। পরিষ্কার করে কথা বলার শক্তি তিনি হারিয়ে ফেলেছেন অনেক আগেই। এখন চলার শক্তিটাও কেড়ে নিয়েছে এই রোগ। হাসপাতালের ঠান্ডা ঘরে যে আলীকে দেখছেন সবাই, তাঁর সঙ্গে রিংয়ের আলীর কত পার্থক্য। জীবনের চেহারাটাই বোধ হয় এমন; যা একেক সময় ধারণ করে একেক রূপ। কখনো খুব আনন্দময়, কখনো অসহ্য-সংহারক।
আলীর শারীরিক অবস্থা সত্যিকার অর্থেই কতটা ভয়াবহ, সেটা জানা গেছে তাঁর পুত্রের কণ্ঠেই। তাঁর ছেলে মোহাম্মদ আলী জুনিয়র আশঙ্কার সঙ্গেই বলেছেন, ‘বাবা এ বছরটা পার করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তিনি চলার শক্তি হারিয়ে ফেলেছেন। ইদানীং কথাও বলতে পারছেন না।’
তবে মেয়ে হানা আলী আশাবাদী তাঁর বাবা ফিরে আসবেন আনন্দময় জীবনে, ‘আমার সঙ্গে তাঁর প্রতিদিনই কথা হয়। তিনি হাসেন, রসিকতা করেন, আমি আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেনই।’
আজ জো ফ্রেজারের একটি উক্তি খুব মনে পড়ছে। রিংয়ে আলীর প্রবল-প্রতিদ্বন্দ্বী ফ্রেজার একবার বলেছিলেন, ‘আলী জানে না যে কীভাবে মরতে হয়।’ বক্সিং রিংকে বিদায় জানাতে আলীর দেরি হওয়ায় বিরক্ত হয়েই ফ্রেজার করেছিলেন সেই উক্তিটি। ফ্রেজার পৃথিবী ছেড়ে চলে গেছেন ২০১১ সালেই। জীবনের ওপার থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তাঁর প্রতিদ্বন্দ্বীকে দেখে ফ্রেজারের নিশ্চ্য়ই আফসোস হচ্ছে নিজের উক্তিটির জন্য! সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট।