ফিরে এল আইটিএফ ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে পারবে বাংলাদেশ। এ বছর ঢাকায় আইটিএফের টুর্নামেন্টে খেলতে ইসরায়েলের এক খেলোয়াড়কে বাংলাদেশ দূবাতাস ভিসা না দেওয়ায় বাংলাদেশের ভেন্যু বাতিল করা হয়েছিল। সঙ্গে আড়াই হাজার ডলার জরিমানা ছিল। যেহেতু ভিসা দেওয়ার ব্যাপারটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তাই শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে নরম হয়েছে আইটিএফ।বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কাল জানিয়েছেন, আইটিএফ টুর্নামেন্ট বণ্টনের ক্ষেত্রে (অনূর্ধ্ব-১৮) এবার শ্রেণীবিভাগ করেছে আইটিএফ। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের দেশগুলো সর্বোচ্চ দুটি টুর্নামেন্ট পাবে বছরে। এত দিন বাংলাদেশ পেয়েছে তিনটি করে। ২০০১ সালে একটি এবং ২০১২ সাল থেকে দুটি করে আইটিএফ টুর্নামেন্ট পাচ্ছে বাংলাদেশ। আগামী এপ্রিলে ডেভিস কাপের খেলা আয়োজন করবে বাংলাদেশ টেনিস ফেডারেশন।বিজয় দিবস টুর্নামেন্ট: রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশের সেরা খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হচ্ছে রানার গ্রুপ বিজয় দিবস টেনিস। আজ থেকে টুর্নামেন্টের বাছাইপর্ব হবে ঢাকায়। প্রি-কোয়ার্টার থেকে ফাইনাল নওগাঁয়। নওগাঁয় একসময় নিয়মিত টেনিস খেলা হতো। স্পনসর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়ি নওগাঁয়, তাঁদের আগ্রহে নওগাঁর টেনিসকে আবার জাগিয়ে তুলতে টুর্নামেন্টটি সেখানে করা হচ্ছে। কাল টেনিস ফেডারেশনে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী, আনোয়ারুল আজিম, ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রমুখ।