ফিরে এল সেই ইনিংস হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানরা সবাইকে ধাঁধার মধ্যে ফেলে দিলেন। চতুর্থ দিনে কী ছিল বাংলাদেশ দলের পরিকল্পনা? ধুন্দুমার ব্যাটিং করে শ্রীলঙ্কান বোলারদের ভড়কে দেওয়া? নাকি পরাজয় নিশ্চিত জেনে যত তাড়াতাড়ি সম্ভব ড্রেসিংরুমে ফিরে দ্বিতীয় টেস্টের আগের বিরতিটাকে লম্বা করা!
টেস্ট খেলার মানসিকতার মধ্যে পড়ে না এর কোনোটাই। তৃতীয় দিনের পর পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, এই টেস্টে বাংলাদেশের হার এড়ানোর সম্ভাবনা ছিল না বললেই চলে। তার পরও উইকেট কামড়ে পড়ে থাকার মানসিকতা নিয়ে ব্যাটিং করলে টেস্টটা দীর্ঘায়িত হতে পারত আরেকটু, ভাগ্য ভালো থাকলে গড়াতে পারত পঞ্চম দিনেও। কিন্তু ব্যাটসম্যানদের সেই ধৈর্য থাকলে তো! আগের দিন তামিম যে রকম এলোমেলো খেলে শেষ বিকেলে আউট হয়ে গেলেন, কাল অন্য ব্যাটসম্যানরাও হাঁটলেন ঠিক একই পথে। টেস্টের মানসিকতা থেকে বেরিয়ে এসে তাঁরা করলেন ওয়ানডে ধাঁচের ব্যাটিং এবং তাতে লাঞ্চের পর ঘণ্টা খানেক গড়াতেই ২৫০ রানে অলআউট। ইনিংস ও ২৪৮ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়ল লজ্জাবনত বাংলাদেশ দল।
এমন হার যে বাংলাদেশ আগে কখনো হারেনি তা তো নয়। সর্বোচ্চ ব্যবধানে টেস্ট হারের মধ্যে এটি চতুর্থ। তবে হতাশার কথা হলো, গত দুই বছরে বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্সের গ্রাফটা যে রকম ঊর্ধ্বমুখী ছিল, কালকের হার সেটাকে আবারও নামিয়ে আনল নিচের দিকে। বাংলাদেশ সর্বশেষ ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছিল ২০১১ সালের ডিসেম্বরে। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে পরাজয়ের ব্যবধান ছিল ইনিংস ও ১৮৪ রানের। কাল শেষ হওয়া টেস্টটির আগ পর্যন্ত মাঝে ৯টি টেস্ট খেলে তিনটিতেই ড্র, একটিতে তো জিতেছেও। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে এবারের প্রথম টেস্টে ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল দুই ইনিংসেই বাংলাদেশের রান আটকে রাখল আড়ই শর মধ্যে। নির্বিষ বোলিং আর বাজে ফিল্ডিংয়ের মাশুল দিয়ে চাপা পড়ল শ্রীলঙ্কার রানের নিচেও।
ওপেনার তামিম ইকবালের জন্য প্রথম টেস্টটা শেষ হয়ে গিয়েছিল আগের দিনই। কাল দিনের দ্বিতীয় বলে আরেক ওপেনার শামসুর রহমানও আউট। অবশ্য শামিন্দা ইরাঙ্গার যে বলে কট বিহাইন্ড হলেন, দিনের সেরা বলই হয়তো ছিল ওটা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করা মুমিনুলের এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়েও চাইলে বিতর্ক করা যেতে পারে। কিন্তু বাকি ব্যাটসম্যানদের আউটের ধরন সব বিতর্কের ঊর্ধ্বে। ওসবের সমালোচনাই কেবল করা যায়।
দলের ৫০ রানের সময় মার্শাল আইয়ুব ফিরে যাওয়ার পর চতুর্থ উইকেটে মুমিনুল-সাকিব গড়েন ৫২ রানের জুটি। তাতে সাকিবের অবদান ২৫, এলবিডব্লু হয়ে ফিরেছেন দিলরুয়ান পেরেরার বলে। সাকিবেরটিসহ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ৫ উইকেট পেয়ে গেলেন শ্রীলঙ্কান অফ স্পিনার। তাঁর কৃতিত্বকে খাটো না করেও বলা যায়, তাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবদানও কম নয়। এসব ক্ষেত্রে সাধারণত ম্যাচের শেষ দিকে দর্শক-বিনোদনের খোরাক জোগাতে এগিয়ে আসেন টেল এন্ডারদের কেউ। কাল সে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে শেষ ব্যাটসম্যান আল আমিন ৪ ছক্কা আর ১ বাউন্ডারিতে ১৮ বলে করলেন অপরাজিত ৩২ রান। সঙ্গে শেষ উইকেটে রুবেলের সঙ্গে গড়লেন দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের জুটিও।
৪ ফেব্রুয়ারি থেকে শুরু চট্টগ্রাম টেস্টের আগে ঢাকার স্মৃতি ভুলে যাওয়া কঠিন হবে। তার পরও ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিক বারবার সতীর্থদের অনুপ্রাণিত করার চেষ্টা করলেন তাঁদের সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়ে। অধিনায়ক হিসেবে এখন এটাই তাঁর কাজ। কিন্তু আসল কাজের জায়গাটা যে সবার জন্যই মাঠে!