ইনচন এশিয়ান গেমসটা মাঠের লড়াইয়ে হতাশই করেছে বাংলাদেশকে। ক্রিকেটের কল্যাণে একটি রুপা ও একটি ব্রোঞ্জের সঙ্গে কাবাডিতে পাওয়া গেছে মেয়েদের ব্রোঞ্জ। গতবার ছেলেদের ক্রিকেটে জেতা সোনা এবার হাতছাড়া হয়েছে টস দুর্ভাগ্যে। তবে মাঠের পারফরম্যান্স যেমনই হোক, বাংলাদেশকে বড় লজ্জায় ফেলে দিয়েছে আবার অ্যাথলেট পালানোর পুরোনো সংস্কৃতি।
৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গেমস ভিলেজ ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছেন কারাতেকা শামীম ওসমান। ওই দিন সমাপনি অনুষ্ঠান শেষে দেশে ফেরা বাংলাদেশের অবশিষ্ট দলের সঙ্গে ছিলেন না শামীম। কোথায় গেছেন কেউ জানে না। ব্যাপারটা ধরতে পেরে বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়ান গেমস কর্তৃপক্ষকে। সঙ্গে সঙ্গে পুলিশি তৎপরতা শুরু। সে এক মহাকেলেঙ্কারি! এটি থেকে গত কয়েক বছর মুক্তই ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, ইনচন এশিয়ান গেমস শেষে সাতজন ক্রীড়াবিদকে খুঁজছে স্থানীয় পুলিশ। এর মধ্যে নেপালের তিনজন (দুজন উশু ও একজন সেপাক টাকরো খেলোয়াড়), শ্রীলঙ্কার দুজন (বিচ ভলিবল), একজন করে বাংলাদেশ ও ফিলিস্তিনের (ভারোত্তোলন)। কোরীয় পুলিশ জানিয়েছে, এই খেলোয়াড়দের ভিসার মেয়াদ ১৯ অক্টোবর শেষ হয়ে যাচ্ছে। এরপর তাঁরা অবৈধ হয়ে পড়বেন।
বাংলাদেশের শামীম ওসমান তাঁর পাসপোর্ট এবং নিজের ব্যবহার্য জিনিসপত্র রেখেই পালিয়েছেন। এ ব্যাপারে ইনচন গেমসে বাংলাদেশের ডেপুটি শেফ দ্য মিশনের দায়িত্ব পালন করা বাদল রায় কাল জানালেন, ‘৩ অক্টোবর রাতে শামীম দীর্ঘ সময় আমার সঙ্গে খেলা নিয়ে অনেক কথা বলেছে। ভাবতেই পারিনি সে পরদিন এভাবে পালিয়ে যাবে। ৪ তারিখ আরেক কারাতে খেলোয়াড় আশরাফুলের ইভেন্ট ছিল, সেই ইভেন্ট দেখতে শামীমেরও ভেন্যুতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার কোনো হদিস না পেয়ে ব্যাপারটা পুলিশকে জানাই আমরা। ওর পাসপোর্ট টিম ম্যানেজমেন্টের কাছে আছে। ওটা সে নিয়ে যেতে পারেনি।’
একসময় বিদেশে ক্রীড়া দল পাঠানোর সময় বাংলাদেশের মূল ভাবনা থাকত একটাই—খেলোয়াড় পালিয়ে যাবে না তো? কারণ, অতীতে খেলোয়াড়দের পালানো নিয়মিত ঘটনাই হয়ে গিয়েছিল। গত বেশ কয়েক বছর ‘পলায়ন সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে আসতে শামীম ওসমান-কাণ্ডে আবার আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক খবরের উপলক্ষ বাংলাদেশ।
মজার ব্যাপার, ফেন্সিংয়ে অংশ নেওয়া একমাত্র খেলোয়াড়ের মতো শামীম ওসমানও সঠিক পোশাক না থাকায় খেলতে পারেননি ইনচন গেমসে। তাঁর খেলা ছিল ৩ অক্টোবর। পোশাক-বিভ্রাট তো আছেই, সমস্যা হয়েছে আরেকটি। এ ধরনের প্রতিযোগিতার নিয়ম হলো, খেলা শুরুর আধা ঘণ্টা আগে খেলোয়াড়দের ওজন পরীক্ষা করতে হয়। কিন্তু শামীমসহ কারাতে দল ভেন্যুতেই পৌঁছায় আধা ঘণ্টা পর। এ নিয়ে অয়োজকদের ভর্ৎসনা শুনতে হয়েছে বাংলাদেশ দলকে।
শামীমের সঙ্গে যাওয়া আরেক কারাতেকা আশরাফুল ইসলামের পোশাকও ঠিক ছিল না। তিনি নিজেই কাল প্রথম আলোকে জানালেন, ‘আমার ড্রেসও ঠিকমতো না থাকায় আয়োজকেরা অংশ নিতে দিচ্ছিল না আমাকে। শেষে কোরীয় একজনের সহায়তায় একটা পোশাক পেয়েছি, সেটা পরেই প্রতিযোগিতায় অংশ নিয়ে মান বাঁচাতে পেরেছি।’
আশরাফুলের ধারণা, কোরিয়ায় শামীমের আত্মীয় আছে বলেই তিনি সহজে পালাতে পেরেছেন। তবে একসঙ্গে থেকেও বুঝতে পারেননি শামীমের ‘সৌজন্যে’ এমন লজ্জায় পড়তে যাচ্ছে বাংলাদেশ, ‘৪ তারিখ আমরা যখন ভিলেজ থেকে ভেন্যুতে যাচ্ছি, শামীম বলল সে একটু পরে আসবে। পরে ভিলেজে ফিরে দেখি সে নেই। এক কাপড়েই চলে গেছে।’
শামীম খেলেন ৬০ কেজি ওজন শ্রেণিতে। নিজের বিভাগে কয়েক বছর ধরেই সেরা ২৮ বছর বয়সী নড়াইলের এই খেলোয়াড়। এশিয়ান গেমসে তাঁর দলভুক্তি প্রশ্নাতীতই ছিল বলে জানিয়েছেন সতীর্থ খেলোয়াড়েরা। কিন্তু শামীমের মনে যে এমন কিছু ছিল, তা কে জানত!