ফিরে এল ‘এল ক্লাসিকো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সুপার কাপের প্রথম লেগ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্প্যানিশ ঘরোয়া ফুটবলের মৌসুম। এই ম্যাচ দিয়েই মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ‘এল ক্লাসিকো’ দিয়ে শুরু, স্প্যানিশ ঘরোয়া মৌসুমের শুরুটা এর চেয়ে আকর্ষণীয় আর কী হতে পারত? কোপা দেল রের সেমিফাইনাল দিয়ে ১৯০২ সালের ১৩ মে যখন ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, তখন থেকেই এই দ্বৈরথটা জমজমাট। এখন সেটা আগুনতপ্ত! গত এপ্রিল-মের চার পর্বের এল ক্লাসিকোর পর এখন রিয়াল-বার্সার লড়াই আক্ষরিক অর্থেই তাই।রিয়াল-বার্সার দ্বৈরথটা এখন মেসি-রোনালদোর লড়াই, তেমনি মরিনহো-গার্দিওলারও লড়াই। ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়ালে আসার বয়স দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু এই দুই বছরে বার্সেলোনার বিপক্ষে করেছেন মাত্র একটি গোল! মজার ব্যাপার হলো, তাঁর সেই গোলই আজকের এল ক্লাসিকোর পথ বেঁধে দিয়েছে। গোলটা করে তিনি গত মৌসুমে রিয়ালকে জিতিয়েছিলেন কাপ শিরোপা। নিয়ম অনুযায়ী আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন এবং কোপা দেল রে জয়ী দল দুটিই মুখোমুখি হয় মৌসুম সূচক সুপার কাপে। আজ প্রথম লেগ রিয়ালের মাঠ বার্নাব্যুতে। ১৭ আগস্ট দ্বিতীয় লেগ বার্সার মাঠ ন্যু ক্যাম্পে।গত মৌসুমে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। এবারও কি বার্সার জয় হবে? প্রস্তুতি কিন্তু মরিনহোর রিয়ালেরই হয়েছে ভালো। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে হারেনি তারা এক ম্যাচেও। বার্সা প্রস্তুতিপর্বে হেরেছে ম্যানইউ এবং মেক্সিকান ক্লাব শিভাসের কাছে। রিয়ালের মাঠে নামার আগে চোট-দুশ্চিন্তাও গার্দিওলার সঙ্গী। জাদুকরি মিডফিল্ডার জাভির মাঠে নামা অনিশ্চিত। জাভির জায়গা নিতে পারেন তরুণ থিয়াগো আলকানতারা। সংশয় আছে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়া পিকে এবং বুসকেটসকে নিয়েও। রামোস সুস্থ হলে রিয়াল মাঠে নামবে গত মৌসুমে নভেম্বরে বার্সার কাছে ৫-০ গোলে হেরে যাওয়া একাদশ নিয়েই! তবে মাঝমাঠের ডান প্রান্তের জায়গাটা নিয়ে লড়াই হবে অ্যাঙ্গেল ডি মারিয়া ও এই মৌসুমে রিয়ালের সবচেয়ে বড় চুক্তি ফ্যাবিও কোয়েনত্রাওয়ের মধ্যে। এএফপি।