ফিরে এলেন আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকতাটাই শুধু বাকি ছিল। কাল সকালে বিসিবি কার্যালয়ে গিয়ে সেটাও সেরে ফেলেছেন আকরাম খান। প্রত্যাহার করে নিয়েছেন পদত্যাগপত্র। ৭ মার্চ দল নির্বাচনে বিসিবি সভাপতির হস্তক্ষেপের প্রতিবাদে নির্বাচক কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।পদত্যাগপত্র প্রত্যাহারের পর সিদ্ধান্ত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন আকরাম, ‘গত পরশু (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। উনি আমার সঙ্গে প্রায় ৪০-৫০ মিনিট ধরে কথা বলেন। পদত্যাগের কারণ নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যে সমস্যাগুলোর কারণে সরে দাঁড়িয়েছিলাম সেগুলো আর হবে না। ওনার নির্দেশেই পদত্যাগপত্র প্রত্যাহার করলাম।’আকরামের পর গত পরশু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফিনকেও ডেকে পাঠিয়েছিলেন। বিসিবির সাধারণ পরিষদ থেকে ক্রিকেটারদের সদস্যপদ বাদ দেওয়ায় খেলোয়াড় সমাজে প্রতিবাদের ঝড় উঠেছে। সে ব্যাপারে এবং ক্রিকেট-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কথা বলার জন্যই ডাক পড়ে তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে পর দেওয়ান শফিউল আরেফিনও একই কথা বলেছেন আকরামকে।প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ সমস্যার আপাতসমাধান দিলেও ভবিষ্যতে আবারও এ সমস্যা হবে না, তার নিশ্চয়তা কী? আকরাম প্রধানমন্ত্রীর আশ্বাসেই আস্থা রাখছেন, ‘যে কারণে আমি পদত্যাগ করেছি, এটা আর হতে দেব না। এ ধরনের আর কোনো সুযোগই আমি সৃষ্টি হতে দেব না। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই এবং তাই করব। প্রধানমন্ত্রীও আমাকে সে আশ্বাস দিয়েছেন। বলেছেন ভবিষ্যতে আর এ রকম হবে না।’ফিরে এলেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই আকরামের। বরং মনে করছেন, দেশের ক্রিকেটের জন্যই ওটা দরকার ছিল, ‘আমার সরে দাঁড়ানোটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব দরকার ছিল। আমি যে কাজে আছি সেখানে সব দায়দায়িত্ব আমার। ভালো করলেও আমার, খারাপ করলেও আমার। আমি মনে করি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। ওনার কথার ওপর কিছু বলা যায় না।’বাংলাদেশের ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও এ ক্ষেত্রে স্মরণ করেছেন সাবেক অধিনায়ক, ‘১৯৯৭ সাল থেকেই ক্রিকেটের সঙ্গে আছেন মাননীয় প্রধানমন্ত্রী। আইসিসি জেতার পর ক্রিকেট এত জনপ্রিয় হওয়ার পেছনে ওনার অবদান আছে। আমাদের সংবর্ধনায় এক লাখেরও বেশি মানুষ হয়েছিল। ক্রিকেটের প্রতি ওনার যথেষ্ট আগ্রহ আছে।’ বিসিবির সাধারণ পরিষদ থেকে ক্রিকেটারদের বাদ দেওয়ার ব্যাপারে কথা বলতে প্রধানমন্ত্রী অচিরেই খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন আকরাম।পদত্যাগের পর গণমাধ্যমে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের কঠোর সমালোচনা করেছিলেন আকরাম। বিশ্বকাপ এবং বিশ্বকাপের আগে-পরে দল নির্বাচনে নানাভাবে তাঁর হস্তক্ষেপের বর্ণনাও দিয়েছিলেন তিনি। এ ছাড়া প্রধান নির্বাচকের পদত্যাগ খুব সূক্ষ্মভাবে হলেও তুলে ধরেছিল নির্বাচক কমিটির মতপার্থক্য। আকরাম এশিয়া কাপের দল থেকে তামিম ইকবালের নাম কাটার জন্য বোর্ড সভাপতিকে অভিযুক্ত করলেও আরেক নির্বাচক মিনহাজুল আবেদীন দাবি করেছিলেন, ওটা তাঁদেরই দল। সভাপতি কোনো হস্তক্ষেপ করেননি। এসব ঘটনা ভবিষ্যতে কাজের পরিবেশ কতটা সুস্থ রাখবে? আকরামের ব্যাখ্যা, ‘স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না বলেই সরে দাঁড়িয়েছিলাম। আমি মনে করি, আমাদের তিনজনেরই যোগ্যতা আছে দায়িত্ব নেওয়ার। দু-একজনের ভাবনা অন্য রকম হতে পারে, তবে সেটা আমি সহজভাবে নিয়েছি।’