ফিরে এলেন সেরেনা
অনুপ্রেরণাটা তাহলে পেয়েই গেলেন রজার ফেদেরার। পঞ্চম উইম্বলডন শিরোপা জিতে সুইস কিংবদন্তিকে অনুপ্রেরণা জোগালেন সেরেনা উইলিয়ামস। ত্রিশোর্ধ্বরাও যে উইম্বলডন জিততে পারেন, কাল আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়ে সেটাই প্রমাণ করলেন ৩০ বছরের সেরেনা। এর আগে শেষ সেই ১৯৯০ সালে ত্রিশোর্ধ্ব হিসেবে উইম্বলডনের মহিলা একক জিতেছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা।ক্যারিয়ারের পঞ্চম উইম্বলডন জয়ের পথে কাল পোল্যান্ডের রাদওয়ানস্কাকে ৬-১, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন উইলিয়ামস বোনদের ছোটজন। অসুস্থতা নিয়ে খেলা তৃতীয় বাছাই রাদওয়ানস্কা দারুণভাবেই ফিরে এসেছিলেন দ্বিতীয় সেটে। ২-৪ গেমে পিছিয়ে থাকা অবস্থা থেকে ফিরে এসে জিতে নিয়েছিলেন সেটটা। কিন্তু শেষ সেটটায় আর কুলিয়ে উঠতে পারলেন না সেরেনার পাওয়ার টেনিসের কাছে। সেরেনা পেয়ে গেলেন একক ক্যারিয়ারের ১৪তম গ্র্যান্ড স্লামটি। ২০১০ সালের পর আবারও গ্র্যান্ড স্লামের স্বাদ পাওয়া সেরেনা প্রায় হারিয়েই যেতে বসেছিলেন টেনিস থেকে। চোট, মারাত্মক অসুস্থতা কেড়ে নিয়েছিল তাঁর আসল খেলা। চোট কাটিয়ে ফিরলেও ফিরে পাওয়া যাচ্ছিল না সেই পুরোনো সেরেনাকে। এবারের ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। কিন্তু উইম্বলডনে এসেই যেন ফিরে পেলেন নিজেকে। এসের পর এস মেরে প্রতিপক্ষকে ঘায়েল করে উঠে এলেন ফাইনালে। চ্যাম্পিয়ন হওয়ার পর স্মরণ করলেন সেই কঠিন সময়টা, ‘আমি হাসপাতালে ছিলাম। ভাবতাম, আর কখনো এখানে আসতেই পারব না। সেদিক দিয়ে ভাবলে এই শিরোপা জয়ের মূল্য অনেক।’ এএফপি।