ফিরে এলেন ‘নতুন পেলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা অবসর নেওয়ার পর ভূরি ভূরি খেলোয়াড়কে ‘নতুন ম্যারাডোনা’ বলে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু পেলে এই কাজটি কারও বেলায় করতেন না। রোনালদো, রোমারিও, রোনালদিনহো; কতজনই তো এলেন-গেলেন, কেউ এই স্বীকৃতিটা পাননি। অবশেষে পেলের নজর কাড়ল সাও ভিনসেন্তের ১৫ বছর বয়সী একটি ছেলে। চোখে-মুখে সারল্য ঠিকরে পড়ে, পায়ের ইশারায় নেচে বেড়ায় ফুটবল মাঠ; ছেলেটিকে দেখে পেলে বলতে বাধ্য হলেন—‘ছেলেটি আমার মতো খেলে।’ ছেলেটির নাম রবসন দে সুজা, ওরফে রবিনহো।সেই থেকে সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে তুলনার চাপটা মাথায় নিয়ে চলছিলেন রবিনহো। পেলেরই ক্লাব সান্তোসের হয়ে নিজের জাদুকরি ক্ষমতাটা দেখাচ্ছিলেন, ক্ষমতা দেখাচ্ছিলেন রিয়াল মাদ্রিদের হয়েও। যখন সবাই নিশ্চিত হয়ে গেল, আরেকজন পেলের আবির্ভাব হয়েছে দুনিয়ায়, তখনই রবিনহো চলে গেলেন ম্যানচেস্টার সিটিতে। সেখানে একটা মৌসুম ভালো কাটল। তার পরই শুরু হলো ইনজুরির সঙ্গে লড়াই আর নিজের ফর্ম খোঁজা।সেই ফর্মের সন্ধানেই দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন রবিনহো। তাঁকে দলে রাখা নিয়ে কম কথা শুনতে হয়নি কোচ কার্লোস দুঙ্গাকে। সবার প্রশ্ন ছিল, রবিনহো কে? কাকা আছেন, ওতেই হবে, ‘বাতিল’ রবিনহোকে দলে নিয়ে কাজ নেই।ব্রাজিল বিশ্বকাপে একটা ম্যাচ খেলে ফেলল। প্রশ্ন তোলা সেই মানুষগুলো মুখ লুকানোর জায়গা খুঁজছে এখন। ফিরে এসেছেন সেই রবিনহো। ব্রাজিলের প্রথম ম্যাচ দিয়ে এতটাই প্রবল প্রতাপে ফিরলেন যে দুঙ্গা পর্যন্ত উচ্চকণ্ঠ হয়ে গেলেন, ‘রবিনহো যেকোনো পজিশনে খেলতে পারে। ও যেভাবে কাজটা করেছে, তাতে আমি খুবই খুশি। একবার শুধু ম্যানচেস্টারে ওর শেষ মৌসুমটার কথা কল্পনা করুন। ওকে তো কেউ পছন্দ করত না। এমনকি অনেকেই আমাকে বলেছে, ওকে দল থেকে বাদ দিয়ে দিতে।’ভাগ্যিস, দুঙ্গা লোকজনের কথা শোনেননি। শোনেননি বলেই এখনকার ব্রাজিলের সবচেয়ে বড় তারকা কাকার নিষ্প্রভ হয়ে থাকাটা টেরই পেল না কেউ। অবশ্য কাকা নিষ্প্রভ হয়ে আছেন বলে কাকার গুরুত্ব কমে গেছে, এটা মানতে রাজি নন রবিনহো, ‘ও গ্রেট খেলোয়াড়। নিজের দিনে ও যেকোনো ম্যাচ জিতিয়ে দিতে পারে।’কিন্তু সেই দিনটা না এলে, রবিনহোকেই তো কাজটা করতে হবে। না, এখানেও আপত্তি রবিনহোর। কিছুতেই নিজেকে অত গুরুত্বপূর্ণ বানাতে রাজি নন। বলছেন, কাকা যদি নিতান্তই ফর্ম-খরায় ভোগেন, তাঁর অভাব পূরণের জন্য অন্য খেলোয়াড়ও আছেন, ‘ব্রাজিলে এমন অসাধারণ অনেক খেলোয়াড় আছে, যারা ওর জায়গা নিতে পারে। এই যে হুলিও ব্যাপ্টিস্টা, দারুণ অনুশীলন করছে। সেও কাকার জায়গা নিতে পারে; যেমন নিয়েছিল কোপা আমেরিকায়।’রবিনহো তাহলে কি নিজের এই দুর্দান্ত ফর্মে ফেরা নিয়ে সচেতনই নন! তা ঠিকই সচেতন। ব্রাজিলের হয়ে এরই মধ্যে একটি কোপা ও দুটি কনফেডারেশনস কাপ জেতা রবিনহো দারুণ উপভোগ করছেন সময়টা, ‘আমি সত্যিই খুব ভালো অবস্থায় আছি। এই উন্নতিটা ধরে রাখতে চাই।’ আর কোচ দুঙ্গা যে তাঁকে বিভিন্ন পজিশনে যোগ্য বলছেন, সে কথার মর্যাদাও রাখতে চান রবিনহো, ‘আমাকে যদি আরও ওপরে উঠিয়ে খেলানো হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি এ রকম জায়গায় আগেও খেলেছি।’যে জায়গায়ই খেলেন, এই রবিনহো স্বরূপে মাঠে থাকলে ব্রাজিল ‘হেক্সা’র স্বপ্ন দেখতেই পারে। ব্রাজিলের কোটি কোটি মানুষ স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছেন খোদ রবিনহোও, ‘আমার লক্ষ্য, অবশ্যই গ্রুপ পর্ব পার হওয়া; মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’পেলের কথার মান রাখতে গেলে সেটা যে করতেই হবে। এএফপি।