ফিরে এসো মরিনহো...
হোসে মরিনহো অনড়—কোথাও যাবে না তিনি। থাকবেন রিয়াল মাদ্রিদেই। তাই বলে হাল ছাড়ছেন না চেলসির মালিক রোমান আব্রামোভিচ। পর্তুগিজ কোচ মরিনহোকে আবার চেলসিতে ফিরিয়ে আনার অপেক্ষায় তিনি। বিশেষ প্রতিবেদন হিসেবে আজ এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের ডেইলি মেল অনলাইন।চেলসির ইতিহাসে সফলতম কোচ মরিনহো। ২০০৪ সালের জুনে চেলসির দায়িত্ব নেন তিনি। দায়িত্ব ছাড়েন ২০০৭ সালের সেপ্টেম্বরে। তখন বলা হয়, দুই পক্ষের সম্মতিতে চেলসি থেকে বিদায় নিয়েছেন মরিনহো। কিন্তু ভেতরের কথা হলো, মরিনহোকে সরিয়ে দেওয়া হয়েছিল। ক্লাব মালিক আব্রামোভিচের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছিল না তাঁর।সময় বদলেছে। আব্রামোভিচ এখন চান, চেলসির দায়িত্ব আবার মরিনহোর কাঁধে যাক। তাঁর মতো একজন অভিজ্ঞ কোচই ক্লাবের জন্য অপরিহার্য। এ কারণে অনেক দিন ধরে নাকি মরিনহোকে চেলসিতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মরিনহো রিয়ালকে স্প্যানিশ লা লিগার শিরোপা এনে দেওয়ায় তাঁর প্রতি আগ্রহটা বহু গুণ বেড়েছে আব্রামোভিচের।কিন্তু মরিনহো কী চেলসিতে ফিরে আসবেন? বাস্তবতা বলছে, এ মুহূর্তে এমনটি ভাবা বোকামি। রিয়ালে বেশ আছেন মরিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে লা লিগা শিরোপা এনে দিয়েছেন। এই বিজয় উদযাপন করতে গিয়ে গতকাল তাঁকে মাথায় তোলে নেচেছেন রিয়ালের ফুটবলাররা। শিষ্যদের মতো ক্লাব কর্তৃপক্ষও যে কোচ মরিনহোর কৃতিত্বে অভিভূত, বলার অপেক্ষা রাখে না।চেলসির কোচের পদটা আপাতত খালিই পড়ে আছে। গত মার্চের শুরুতে কোচ আন্দ্রে ভিয়াস বোয়াসকে বহিষ্কার করে চেলসি। এরপর তাঁর জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন রবার্তো ডি মাত্তেও। তাঁর অধীনে চেলসি খেলছে দুর্দান্ত। বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ক্লাবটি। তবে বিশ্ব গণমাধ্যমে জোরালো গুঞ্জন, চেলসি শিরোপা জিতলেও মাত্তেওকে স্থায়ীভাবে কোচ করা হবে না!