ফিরে গেলেন একজন পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সুইমিং কমপ্লেক্স। পুলের বাইরে অপেক্ষা করছে সেনাবাহিনীর গাড়ি। ভেতরে ব্যাগপত্তর গোছাতে ব্যস্ত ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপাজয়ী সেনাবাহিনীর সাঁতারু কামাল হোসেন। রুবেল রানা ও শাজাহান আলী ওরফে রনিরাও টিম হোটেল ছেড়ে টুকটাক জিনিস নিতে এসেছেন সুইমিং কমপ্লেক্সে। আর কোরিয়ান কোচ পার্ক তে গুন প্রস্তুত হচ্ছেন ঢাকা ছাড়ার।কবে যাচ্ছেন? জিজ্ঞেস করতেই শুকনো মুখে পার্ক জানালেন, ‘আজ (গতকাল) রাতের ফ্লাইটেই...।’ গত বছর ২৯ মে বাংলাদেশে এসে ১ জুন থেকে কাজ শুরু করেছিলেন পার্ক। বলা যায়, বাংলাদেশের সাঁতার অনুশীলনে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তনই এনেছিলেন। স্নোরকল, হ্যান্ডপ্যাডেল, পুলবয়, ফিন, রাবার, মেডিসিন বল, বিভিন্ন রকমের এক্সারসাইজ—সবই ছিল সাঁতারুদের জন্য নতুন অভিজ্ঞতা। এত কিছু দিয়ে অনুশীলনের পরও কাঙ্ক্ষিত সোনা এল না দক্ষিণ এশীয় গেমসে। সাঁতারুদের পাশাপাশি তাঁর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।তবে অবাক ব্যাপার হলো, কোচ পার্ক কিন্তু মন খারাপ করে দেশে ফেরেননি। ৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জ পাওয়াতেই খুশি তিনি, ‘আমি বলব, এই ফলাফল অনেক ভালো। এখানে ভারত, শ্রীলঙ্কার যেসব প্রতিযোগী এসেছে সবাই আমাদের চেয়ে অনেক ভালো। ওদের কমনওয়েলথ গেমসের সাঁতারুরাই এসেছে। তাদের সঙ্গে লড়াই করেও আমরা মাইক্রো সেকেন্ডের ব্যবধানে হেরেছি।’এ রকম একটি আন্তর্জাতিক আসরের জন্য মাত্র এক বছরের প্রস্তুতিকে যথেষ্ট মনে করছেন না পার্ক, ‘এসএ গেমসের জন্য এক বছরের অনুশীলন আমার কাছে খুবই অপ্রতুল মনে হয়েছে। ভারত-শ্রীলঙ্কার সাঁতারুদের দেখুন। ওরা চার-পাঁচ বছর ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশের রুবেল রানা, রনিরা কদিনই বা সুযোগ পেয়েছে? এর ওপর আবার রনি অসুস্থ ছিল। তার পরও ও রুপা জিতেছে।’বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় পাওয়া কোচকে ধরে রাখতে মরিয়া সাঁতারুরা। রনি বললেন, ‘এই কোচকে রেখে দিলে খুবই ভালো হতো। সরকার যেন বিষয়টা ভেবে দেখে।’ একই কথা মাহফিজুর-কামালের মুখেও। কোচ নিজে কী ভাবছেন? হাসতে হাসতে পার্ক বললেন, ‘আমি তো থাকতেই চাই। তবে এটা ফেডারেশন দেখবে।’সামনেই ইন্দো-বাংলা গেমস। এর পর কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো বড় বড় আসর তো আছেই। এখানেই থেমে থাকতে চান না সাঁতারুরা। নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে চান। এ জন্য অবশ্যই প্রয়োজন কোচের। ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা জানালেন, ‘আমরা এই কোচকে রেখে দেওয়ার চেষ্টা করছি। তবে আমরা চাইলেই তো হবে না। নেপাল ও মালদ্বীপও এরই মধ্যে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। আমি জানি না আমরা তাঁকে আবারও আনতে পারব কি না।’সোনা জিততে না পারলেও টাইমিংয়ে উন্নতি হয়েছে, এমন দাবি সাঁতারুদের। কিন্তু গেমসের সাফল্য তো আর টাইমিং দিয়ে মাপা হয় না, মাপা হয় পদক জেতা দিয়ে। সেখানে যে শুধু হাহাকারই শোনাচ্ছে সাঁতার!