ফিরে গেলেন পিটারসেন
আজ বুধবার দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তবে এরই মধ্যে আরেকজনক তারকা পেয়ে গেছে আইপিএল। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।প্রতিযোগিতার মাঝপথে পিটারসেনের চলে যাওয়ার কারণ, সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। ওই সিরিজের প্রস্তুতি নিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।পিটারসেনের অনুপস্থিতি নিশ্চয়ই কিছুটা হলেও টের পাবে দিল্লি ডেয়ারডেভিলস। যে কয়টা ম্যাচে তিনি অংশ নিয়েছিলেন, খেলেছেন দুর্দান্ত। ৬১ গড়ে পিটারসেনের সংগ্রহ ৩০৫ রান।দেশের হয়ে খেলতে হবে, তাই ফিরে না গিয়ে উপায় ছিল না পিটারসেনের। তবে বিদায়ের দিনটা যে তাঁর বিষাদে কেটেছে সেটা সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার, ‘ভারত ছাড়ছি, বেশ খারাপ লাগছে। তবে শিগগির ফিরে আসব আমি। দিল্লি ডেয়ারডেভিলসকে বিশেষ ধন্যবাদ। একই সঙ্গে ভারতীয়দের প্রতিও।’মাইকেল ক্লার্ককে আইপিএলে এনেছে পুনে ওয়ারিয়র্স। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে পুনের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আগের চারটি আসরে আইপিএলে খেলেননি অসি অধিনায়ক। এবার তাঁকে কী পরিমাণ অর্থে পুনে এনেছে, তা অবশ্য গোপন রাখা হয়েছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়েই গতকাল মঙ্গলবার একটি ম্যাচে অংশ নেন ক্লার্ক। ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলেও অবশ্য এ দিন দলের হার ঠেকাতে পারেননি তিনি। লিগ পর্বে সৌরভ গাঙ্গুলীর দলকে আরও ছয়টি ম্যাচে সহায়তা করতে পারবেন ক্লার্ক।ক্লার্ককে পেয়ে সৌরভের প্রতিক্রিয়া, ‘ক্লার্ক অসাধারণ ক্রিকেটার। তাঁকে পেয়ে আমরা আনন্দিত।’ সূত্র: ওয়েবসাইট।