ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবারের মতো জার্মানির শিরোপা জয় দিয়ে শেষ হয়েছে স্মরণকালের অন্যতম সেরা বিশ্বকাপ। ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে জার্মানি-আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত কত রোমাঞ্চ, কত স্বপ্ন ছোঁয়ার আনন্দ আর স্বপ্ন ভঙ্গের বেদনার গল্প! আনন্দযজ্ঞের রেশটা থাকতে থাকতেই চলুন পেছন ফিরে দেখে নেওয়া যাক সেসব আনন্দ-বেদনার কিছু টুকরা ছবি-

জয়হীন এশিয়া

জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও​ অস্ট্রেলিয়া। এশিয়ার এ চারটি দলের কোনোটিই এবার বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি। দুই যুগ পর বিশ্বকাপে এমন হলো। সর্বশেষ ১৯৯০ বিশ্বকাপে দুই এশিয়ান দল দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত বিদায় নিয়েছিল গ্রুপে সব ম্যাচ হেরে।

‘মিনেইরাওজো’

৩৯ বছর পর দেশের মাটিতে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের হার। বিশ্বকাপেও এটা তাদের সবচেয়ে বড় ব্যবধানের হার। বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাওতে ৭-১ গোলে জার্মানির কাছে হারের ধাক্কাটা ১৯৫০ সালে মারাকানাজোর চেয়ে কম নয় কোনো অংশে। অনেকের মতে, তার চেয়েও বড়। কে জানে এই ধাক্কা সামলাতে কত বছর লাগে ব্রাজিলের!

গোলের বিশ্বকাপ

ফাইনালের ১১৩ মিনিটে মারিও গোটশের গোলের সঙ্গে সঙ্গে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করল ব্রাজিল বিশ্বকাপ। এবার ৬৪ ম্যাচে মোট গোল হয়েছে ১৭১টি। এর আগে সমানসংখ্যক গোল হয়েছিল ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে।

রদ্রিগেজ, হামেস রদ্রিগেজ

রাদামেল ফ্যালকাওকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপে এসেছিল কলম্বিয়া। কিন্তু ফ্যালকাওয়ের অভাব দলকে একটুও বুঝতে দেননি ২২ বছর বয়সী এই কলম্বিয়ান প্লে-মেকার। প্রথমবারের মতো কলম্বিয়াকে তুলেছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, ৬ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এ বিশ্বকাপ যেন হামেস রদ্রিগেজ নামে এক মহাতারকার উত্থানই দেখল।

শীর্ষে ক্লোসা

রেকর্ডটা অনেক দিন ছিল জার্ড মুলারের। ১৪ গোল নিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন তিনি। ২০০৬ সালে সে রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ গোলের মালিক হন ব্রাজিল কিংবদন্তি রোনালদো। এবার দুই গোল করে রোনালদোকেও পেছনে ফেলেন মুলারের স্বদেশি মিরোস্লাভ ক্লোসা। ১৬ গোল নিয়ে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি, রেকর্ডও ফিরিয়ে নিয়ে গেছেন জার্মানিতে।

‘বুড়ো’ মনদ্রাগন

২৪ জুন ‘সি’ গ্রুপে জাপানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা খেলল কলম্বিয়া। ম্যাচের ৮৫ মিনিটে ডেভিড অসপিনার বদলি হিসেবে মাঠে নামলেন ৪৩ বছর ৩ দিন বয়সী গোলরক্ষক ফরিদ মনদ্রাগন। সঙ্গে সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে লেখা হয়ে গেল তাঁর নাম। রজার মিলার রেকর্ড ভেঙে দিয়ে মনদ্রাগনই এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়সী ফুটবলার।

স্পেনের ভরাডুবি

চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া বিশ্বসেরার মুকুটটা ধরে রাখার স্বপ্ন নিয়ে ব্রাজিলে পা রেখেছিল স্পেন। কিন্তু প্রথম ম্যাচেই সব ওলট-পালট হয়ে গেল তাদের। হল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর চিলির কাছেও ২-০ গোলের হার। গ্রুপপর্ব থেকেই তাই দেশে ফেরার বন্দোবস্ত হয়ে যায় ‘লা ফুরিয়া রোজা’দের!

কোস্টারিকার রূপকথা

অঘটন তো অনেক দেখেছে বিশ্বকাপ। কিন্তু কোস্টারিকা এবার যা করেছে, তার সঙ্গে কিছুরই তুলনা হয় না। পর পর দুই ম্যাচে উরুগুয়ে ও ইতালির মতো দলকে হারিয়ে দেওয়ার পর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হার। ফুটবল রেকর্ডের বইয়ে অবশ্য সেটা ড্র বলেই লেখা থাকবে। যার অর্থ, কোস্টারিকা এবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কোনো ম্যাচ না হেরেই। অথচ পাঁচ ম্যাচের তিনটিতে প্রতিপক্ষ ছিল তিন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকটিতে তিনবারের রানার্সআপ। রূপকথা নয়তো কী!

গোলকিপিং বীরত্ব

গোলবন্যার বিশ্বকাপ আবার ছিল গোলকিপারদেরও। গোলকিপিংকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেছে প্রতিটি ম্যাচ। টিম হাওয়ার্ডের রেকর্ড গড়া সেভ, ব্রাজিলের বিপক্ষে গিলের্মো ওচোয়ার অতিমানব হয়ে ও​ঠা, সার্জিও রোমেরো আর হুলিও সিজারের টাইব্রেকার বীরত্ব ফুটবল-প্রেমীদের মনে থাকবে অনেক দিন। চিলির ক্লদিও ব্রাভো, জার্মানির ম্যানুয়েল নয়্যার, কোস্টারিকার কেইলর নাভাস, নাইজেরিয়ার ভিনসেন্ট এনিয়েমা আর আলজেরিয়ার রাইস এমবোলহি—একেকজন যেন ছিলেন মানবদেয়াল।

সুয়ারেজের কামড়

জর্জো কিয়েলিনিকে সুয়ারেজের কামড় এখন ফুটবল ইতিহাসেরই একটা অংশ। নিন্দিত এই কাণ্ডের জন্য চার মাস সব ধরনের ফুটবল থেকে নির্বাসন দণ্ড পেয়েছেন সুয়ারেজ, সঙ্গে নয়টি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা। যত দিন ফুটবল থাকবে, বিশ্বকাপ থাকবে, তত দিন সুয়ারেজের এই কাণ্ড নিয়ে কথা হবে।