সাত বছরের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। তাতে মেতে ওঠার আগে আগের চারটি টুর্নামেন্টের দিকে ফিরে তাকালে কেমন হয়? সেটিই তাকিয়েছেন মোসতাকিম হোসেন
ফিরে দেখা

২০০৭ দক্ষিণ আফ্রিকা
ধোনির জয় শুরু
সবচেয়ে বেশি রান: ম্যাথু হেইডেন (২৬৫)
সবচেয়ে বেশি উইকেট: উমর গুল (১৩)
সেঞ্চুরি: ক্রিস গেইল (১১৭)
টুর্নামেন্ট-সেরা: শহীদ আফ্রিদি
.শুরু আর শেষে কী অদ্ভুত মিল! পরতে পরতে ছড়ানো রোমাঞ্চই যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটের শেষ কথা, প্রথম আসরে সেটির কী অসাধারণ বিজ্ঞাপনই না হলো! প্রথম ম্যাচেই ক্রিস গেইলের সেঞ্চুরি, টি-টোয়েন্টির ইতিহাসেই এর আগে তিন অঙ্কে পৌঁছাতে পারেননি কেউ। তার চেয়েও অদ্ভুত ওয়েস্ট ইন্ডিজের দুই শ ছাড়ানো স্কোরও দক্ষিণ আফ্রিকার টপকে যাওয়া!
তারপরও শুরুর চেয়ে শেষটাই বেশি মনে রাখার মতো হলো। ফাইনালে মিসবাহ-উল-হকের সেই পাগুলে স্কুপ এখনো তো চোখে ভাসে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরটাই জানিয়ে দিয়েছিল, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টিকে থাকবে এটির তুঙ্গস্পর্শী রোমাঞ্চের কারণেই।
দক্ষিণ আফ্রিকার সেই আসরে অংশ নিয়েছিল ১২টি দল। প্রতি গ্রুপে ছিল তিনটি করে দল, দুটি করে উঠেছিল সুপার এইটে। টি-টোয়েন্টি মানে ফেবারিট-টেবারিট বলতে যে কিছু নেই, প্রচলিত ধারণাটাকে তো প্রতিষ্ঠিতই করে ফেলেছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার যতটা অপ্রত্যাশিত ছিল, তার চেয়েও বেশি বোধ হয় গিলক্রিস্ট-হেইডেনদের অস্ট্রেলিয়ার জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া। হাঁচড়ে-পাঁচড়ে হলেও অস্ট্রেলিয়া উঠে গিয়েছিল সুপার এইটে, ওয়েস্ট ইন্ডিজকে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দুই ম্যাচেই হেরে।
এরপর অবশ্য আর কোনো অঘটন নয়। তবে মনে রাখার মতো ঘটনা তো কম ছিল না। ক্রিস ব্রডের এক ওভারে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা, বাংলাদেশের বিপক্ষে ব্রেট লির টি-টোয়েন্টির প্রথম হ্যাটট্রিক...
দুই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-পাকিস্তান ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ফাইনালে ভারত-পাকিস্তান, প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। জোহানেসবার্গের ফাইনালটিও হলো ফাইনালের মতোই। ভারতের ১৫৭ রান তাড়া করে দলকে জিতিয়েই ফেলেছিলেন মিসবাহ। শেষ ওভারে এসে সেই আত্মঘাতী স্কুপ, ৫ রানে জিতে গেল ভারত। খর্বশক্তির দল নিয়েও ধোনির তরুণ দলের সেই বিজয়টাই হয়তো এঁকে দিল টি-টোয়েন্টির ভবিষ্যৎ পথরেখা।

২০০৯ ইংল্যান্ড
দুঃখ ভুলল পাকিস্তান
সবচেয়ে বেশি রান: তিলকরত্নে দিলশান (৩১৭)
সবচেয়ে বেশি উইকেট: উমর গুল (১৩)
টুর্নামেন্ট-সেরা: তিলকরত্নে দিলশান
নিজেদের দিনে টি-টোয়েন্টিতে জিততে পারে যে কেউই। আগের আসরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের কাছ থেকে দৈত্যবধের মন্ত্রটা নিশ্চিত জপে নিয়েছিল হল্যান্ড। কে ভেবেছিল, বিশ্বকাপের প্রথম দিনেই স্বাগতিক ইংল্যান্ড হেরে বসবে ডাচদের কাছে! ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরটা শুরুই হলো অঘটন দিয়ে!
অঘটন তো আসলে কম দেখেনি সেই টুর্নামেন্ট। আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের হার তো ছিলই। বড় বিস্ময় ছিল, সুপার এইটের স্বপ্নভঙ্গে বাংলাদেশের অস্ট্রেলিয়াকে পাশে পাওয়া। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় আগেরবারের সেমিফাইনালিস্টদের। টেস্ট খেলুড়ে একটি দেশ অবশ্য সেবার ছিলই না। রাজনৈতিক কারণে জিম্বাবুয়েকে দর্শক হয়ে থাকতে হলো একটি বিশ্ব আসরে।
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বললেই যেমন চোখে ভেসে ওঠে যুবরাজের ছয় ছক্কা, দ্বিতীয় আসরের কথা বললে তেমনি ‘দিলস্কুপ’। উদ্ভাবনী ব্যাটিংয়ে নতুনতর মাত্রা যোগ করা শ্রীলঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশানের স্কুপ হয়ে উঠেছিল টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত। দিলশান অবশ্য পুরো টুর্নামেন্টেই খেলেছিলেন দুর্দান্ত। আর শ্রীলঙ্কাও খেলছিল দারুণ। সব ম্যাচ জিতে সেমিতে উঠেছিল শুধু দুটি দল—শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের কোনোটির হাতেই ট্রফি ওঠাটাকে মনে হচ্ছিল ভবিতব্য।
কিন্তু টি-টোয়েন্টিতে শেষ কথা বলে কিছু নেই। নইলে এমন বিপুল বিক্রমে সেমিফাইনালে উঠেও পাকিস্তানের কাছে ওভাবে হেরে যাবে কেন দক্ষিণ আফ্রিকা? শেষ পর্যন্ত বাজিমাতও করল সেই পাকিস্তানই। যে পাকিস্তানকে টুর্নামেন্টের শুরুতে কেউ গোনায়ও ধরেনি। দেশটিতে তখন প্রায় গৃহযুদ্ধ চলছে। বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সংশ্রবই ছিল না অনেক দিন। সেই পাকিস্তানই রূপকথার এক গল্পের জন্ম দিয়ে জিতে নিল ট্রফি।
টুর্নামেন্টের শুরুতে পাকিস্তান যেমন নিষ্প্রভ হয়ে ছিল, অনুজ্জ্বল হয়ে ছিলেন শহীদ আফ্রিদিও। সেমিফাইনাল ও ফাইনালে সেই আফ্রিদিই এমন জ্বলে উঠলেন যে পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

২০১০ ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডের শাপমোচন
সবচেয়ে বেশি রান: মাহেলা জয়াবর্ধনে (৩০২)
সবচেয়ে বেশি উইকেট: ডার্ক ন্যানেস (১৪)
সেঞ্চুরি: সুরেশ রায়না (১০১), মাহেলা জয়াবর্ধনে (১০০)
টুর্নামেন্ট-সেরা: কেভিন পিটারসেন
ইডেন গার্ডেনের ভূতটা কি ফিরে ফিরে আসছিল ব্রিজটাউনে? অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল মানেই ১৯৮৭ বিশ্বকাপে মাইক গ্যাটিংয়ের সেই আত্মঘাতী রিভার্স সুইপ! সেই অস্ট্রেলিয়াকেই হারিয়ে নয়টি বিশ্বকাপ, ছয়টি চ্যাম্পিয়নস ট্রফি, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলতে পারল ইংল্যান্ড। পল কলিংউড যে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়কে অ্যাশেজ জয়ের কাতারে রাখবেন তাতে আর বিস্ময় কী!
অথচ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম বললেই কিন্তু মাইক হাসির কথাই মনে পড়ে। টানা তৃতীয়বারের মতো ফাইনালে তো উঠেই গিয়েছিল পাকিস্তান। সেমিফাইনালের শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৪৮ রান, হাতে উইকেট মাত্র ৩টি। অস্ট্রেলিয়ার পরাজয় নিশ্চিত ভেবে যারা টিভি বন্ধ করে দিয়েছিলেন, তাঁরা নিশ্চিত আফসোসে পুড়েছেন! ২৪ বলে ৬০ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে মাইক হাসি একাই হারিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে। সাঈদ আজমলের করা শেষ ওভার থেকে এসেছিল ২৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মরণীয় ম্যাচগুলোর ছোট্ট তালিকায়ও থাকবে এটি।
সেই তুলনায় বরং ফাইনালটা একপেশেই হয়েছে। মাত্র ১৭ ওভার খেলেই ইংল্যান্ড টপকে গেছে অস্ট্রেলিয়ার ১৪৭ রান। টি-টোয়েন্টিতে ধর্ম মেনে কোনো অঘটন হয়নি সেবারের আসরে। জিম্বাবুয়ে আবার ফিরেছিল, অভিষেক হয়েছিল আফগানিস্তানের। বাংলাদেশ-আয়ারল্যান্ড তো ছিলই। কিন্তু একটি ম্যাচও জিততে পারেনি কেউ।
সুপার এইটে তাই যাদের থাকার কথা, ছিল তারাই। সেখানেই পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড জানান দিয়েছিল নিজেদের সামর্থ্য। টুর্নামেন্টে শুধু গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটিতেই হেরেছিল ইংল্যান্ড। অন্য গ্রুপে সবকটি ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া, সেমিতে তাদের সঙ্গে যোগ দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেমিতে শ্রীলঙ্কা দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের সামনে। ফাইনালেও একই রকম দাপট দেখিয়ে বৈশ্বিক শিরোপার দুঃসহ খরা ঘোচাল ক্রিকেটের জন্মভূমি।

২০১২ শ্রীলঙ্কা
ক্যারিবীয়দের গ্যাংনাম
সবচেয়ে বেশি রান: শেন ওয়াটসন (২৪৯)
সবচেয়ে বেশি উইকেট: অজন্তা মেন্ডিস (১৫)
সেঞ্চুরি: ব্রেন্ডন ম্যাককালাম (১২৩)
টুর্নামেন্ট-সেরা: শেন ওয়াটসন
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ঘুরে অবশেষে এশিয়ায় এলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ঠিক যেন জমল না শ্রীলঙ্কার ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৃষ্টির আনাগোনা, ফাঁকা গ্যালারি, অঘটনহীন টুর্নামেন্ট—রোমাঞ্চের পসরা যেন খানিকটা কমই ছিল শ্রীলঙ্কার আসরে।
গেইলরা অবশ্য কথাটার সঙ্গে একমত না-ও হতে পারেন। বিনোদন জোগানোই যখন এই সংস্করণের আপ্তবাক্য, তখন সেবারের আসরে ওয়েস্ট ইন্ডিজ তো সেটা ষোলো আনাই জুগিয়েছে। কলম্বোর ফাইনালের পর সেই সমবেত গ্যাংনাম নৃত্য তো ক্রিকেট উদ্যাপনে যোগ করে দিয়েছে নতুন একটা মাত্রাই। আর সেটি শেলসম বুকে বিঁধেছে শ্রীলঙ্কার।
বিঁধবারই কথা। নিজেদের মাঠে বিশ্বকাপ, শ্রীলঙ্কা খেলছিলও দুর্দান্ত। ফাইনালের আগে পুরো টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচে হেরেছে, গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে। সুপার এইটে তো অপ্রতিরোধ্যই ছিল, সেমিফাইনালে ওঠার পথে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি আসরেই সেমিফাইনাল খেলার একমাত্র কীর্তি যাদের। শ্রীলঙ্কা মাত্র ১৩৯ রানেই শেষ হয়ে যাওয়ার পর তৃতীয় ফাইনালটি হাতছানি দিয়ে ডাকছিলও পাকিস্তানকে। কিন্তু টার্নিং উইকেটে শ্রীলঙ্কান স্পিনে ‘সামান্য’ সেই স্কোর পেরোনোর আগেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তান।
ফাইনালে শ্রীলঙ্কাই ছিল পরিষ্কার ফেবারিট। সেটি শুধু স্বাগতিক বলেই নয়। ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে ওঠাই তো খুঁড়িয়ে খুঁড়িয়ে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হার, এরপর সুপার এইটে শ্রীলঙ্কার কাছেও। সেমিফাইনালে উঠেই যেন বদলে গেল সেই দল। দুর্দান্ত খেলতে থাকা অস্ট্রেলিয়া উড়ে গেল ক্রিস গেইলের ঝোড়ো ব্যাটিংয়ে। ৪১ বলে ৭৫ রানের সেই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ পুরো টুর্নামেন্টেই দুই শ ছাড়ানো একমাত্র স্কোর!
ফাইনালে দুঃস্বপ্নের মতো শুরু ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে সঞ্জীবনী জোগাল মারলন স্যামুয়েলসের ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। তার পরও ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৭, পুরো শ্রীলঙ্কা তখন উৎসবের অপেক্ষায়। উল্টো ৩৬ রানের পরাজয়ে তা হয়ে গেল শোকের দেশ।