ফিরে দেখা
১৯৩০ সালে উরুগুয়েতে শুরু ফুটবল মহোৎসবের রথ ব্রাজিলে আসছে মাঝখানে ১৮টি বিশ্বকাপের ইতিহাস সঙ্গী করে। এবারের বিশ্বকাপে মেতে ওঠার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক আগের ১৯টি আসরে

১৯৩০
উরুগুয়ে
প্রথম আসরের স্বাগতিক হিসেবে উরুগুয়েকে বেছে নেওয়ার দুটি কারণ ছিল: উরুগুয়ের স্বাধীনতার শতবর্ষ উদ্যাপন এবং অলিম্পিক ফুটবলে সে সময় টানা দুবার (১৯২৪ ও ১৯২৮) চ্যাম্পিয়ন হয়েছিল তারাই। সিদ্ধান্তটি ইউরোপীয় দেশগুলোর খুব একটা পছন্দ হয়নি। কারণ তো অবশ্যই সে সময়ের যোগাযোগব্যবস্থা এবং ইউরোপ থেকে উরুগুয়ের দূরত্ব। খেলতে এসেছিল মাত্র চারটি ইউরোপীয় দেশ—ফ্রান্স, রুমানিয়া, বেলজিয়াম আর যুগোস্লাভিয়া। ১৩টি দল আর তিন ভেন্যুর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে শিরোপা জিতেছিল উরুগুয়েই।
সর্বোচ্চ গোলদাতা: আর্জেন্টিনার গিলের্মো স্টাবিল (৮টি)।

১৯৩৪
ইতালি
প্রথম বিশ্বকাপে বাছাইপর্ব পেরোনোর ঝক্কি ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বকাপে ৩২টি দল খেলতে আগ্রহী হওয়ায় বাছাইপর্বের আয়োজন করতে হয়। স্বাগতিক ইতালিকেও বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিতে হয় ১৬ দলের টুর্নামেন্টে। ইউরোপকে প্রথম আসরে অবজ্ঞার পাল্টা জবাব দিতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলেইনি। দক্ষিণ আমেরিকানদের এমন প্রতিবাদের ফসল—কোয়ার্টার ফাইনালের আটটি দলই ছিল ইউরোপের! ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি আর চেকোস্লোভাকিয়া। জিওসেপ্পে মিয়াজ্জার বানিয়ে দেওয়া বলে অতিরিক্ত সময়ে গোল করে ইতালিকে প্রথম শিরোপা এনে দেন অ্যাঞ্জেলো শিয়াভিও।
সর্বোচ্চ গোলদাতা: চেকোস্লোভাকিয়ার ওলদ্রিখ নেয়েদলি (৫টি)।

১৯৩৮
ফ্রান্স
ইউরোপজুড়ে ঘনিয়ে আসছিল মহাযুদ্ধের কালো মেঘ। টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রিয়া, স্পেন, আর্জেন্টিনা আর উরুগুয়ে। হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ইতালি। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম উত্তেজনাকর ম্যাচের জন্ম হয়েছিল এ আসরেই। লিওনিডাস অতিরিক্ত সময়েই দুটি গোল করে পোল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে জিতিয়েছিলেন ৬-৫ ব্যবধানে। চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালটাও উত্তেজনার আগুন ছড়িয়েছিল বেশ। যে ম্যাচে খেলোয়াড়দের মধ্যে শুরু হয়ে গিয়েছিল হাতাহাতি। ১-১ ড্রয়ের পর রিপ্লেতে ব্রাজিলকে আবার উদ্ধার করেন লিওনিডাস। ইতালির বিপক্ষে সেমিফাইনালে তাঁকে বিশ্রামে রেখেছিলেন ব্রাজিল কোচ। যেন ফাইনালে তরতাজা লিওনিডাসকে পাওয়া যায়। আফসোস, সেমিফাইনালেই ইতালির কাছে ১-২ গোলে আটকে গেল ব্রাজিল।
সর্বোচ্চ গোলদাতা: ব্রাজিলের লিওনিডাস (৭টি)।

১৯৫০
ব্রাজিল
অনেক কারণেই এই বিশ্বকাপটি স্মরণীয় হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১২ বছরের বিরতি দিয়ে চতুর্থ আসর। একমাত্র বিশ্বকাপ, যেটিতে কোনো ফাইনাল হয়নি। এই বিশ্বকাপেই ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সব ছাপিয়ে এটি স্মরণীয় হয়ে আছে অলিখিত ফাইনাল হয়ে ওঠা শেষ ম্যাচটির জন্য। উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল। ড্র করলেই চ্যাম্পিয়ন ব্রাজিল! মারাকানায় নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী হতে ভিড় জমেছিল প্রায় দুই লাখ মানুষের। যাঁদের বেশির ভাগই ঘরে ফিরেছেন কাঁদতে কাঁদতে! ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় ট্রফিটা জেতে উরুগুয়ে।
সর্বোচ্চ গোলদাতা: ব্রাজিলের আদেমির (৮টি)।

১৯৫৪
সুইজারল্যান্ড
বিশ্বকাপটা হতে পারত ফেরেঙ্ক পুসকাস আর তাঁর ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’-এর সাফল্যগাথার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। অথচ সেটি আজও হাঙ্গেরির কাছে আক্ষেপের প্রতিশব্দ! টানা ২৮ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছিল পুসকাসের দল। দক্ষিণ কোরিয়াকে ৯-০, পশ্চিম জার্মানিকে ৮-৩ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল; ব্রাজিল আর উরুগুয়ে দুই দলকেই ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল। এরপর? আট মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েও ফাইনালটা জিততে পারেনি হাঙ্গেরি। দ্বিতীয় রাউন্ডে উঠতে প্লে-অফ খেলা পশ্চিম জার্মানিই জিতল শিরোপা। জানিয়ে দিল, শেষ না হওয়া পর্যন্ত জার্মানরা হার মানতে নারাজ!
সর্বোচ্চ গোলদাতা: হাঙ্গেরির স্যান্ডর ককসিস (১১টি)।

১৯৫৮
সুইডেন
ব্রাজিলের অপেক্ষার পালা ফুরাল। কিসের অপেক্ষা। প্রথমত শিরোপার তো বটেই, দ্বিতীয়ত এক মহাতারকার আগমনের। এই বিশ্বকাপ দিয়েই ১৭ বছর বয়সী এক তরুণ বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন তাঁর আগমনী-বার্তা। পেলে—ফুটবলের সর্বকালের মহানায়ক। পেলের জোড়া গোলেই স্বাগতিকদের ৫-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে তাঁর একমাত্র গোলই সেমিতে তুলেছিল ব্রাজিলকে। ওই গোলটি করে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন পেলে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তার পরও পেলে নন; ফ্রান্সের জাঁ ফন্টেইন। এক আসরেই ১৩টি গোল করেছিলেন এই ফরাসি।
সর্বোচ্চ গোলদাতা: ফ্রান্সের জাঁ ফন্টেইন (১৩টি)।

১৯৬২
চিলি
টানা দ্বিতীয় শিরোপা ব্রাজিলের, সেটিও প্রায় পেলেকে ছাড়াই! চোটের কারণে টুর্নামেন্টের বড় একটা অংশ দর্শক হয়ে থাকতে হয়েছিল আগের বিশ্বকাপের বিস্ময়বালককে। তার পরও চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখল ব্রাজিল। এই বিশ্বকাপেই জন্ম ‘ব্যাটল অব সান্তিয়াগো’র। চিলি বনাম ইতালির ম্যাচটি কুৎসিত এক লড়াইয়ে রূপ নিয়েছিল। যে ম্যাচের বর্ণনা করে রেফারি কেন অ্যাস্টন জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছিল, যেন আবার ফিরে গেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে! পরে এই অ্যাস্টনের হাত ধরেই ফুটবলে প্রচলন হয় লাল আর হলুদ কার্ড।
সর্বোচ্চ গোলদাতা: চারটি করে গোল করেছিলেন ছয়জন (গারিঞ্চা, ভাভা, লিওনেল সানচেজ, ফ্লোরিয়ান অ্যালবার্ট, ভ্যালেন্তিন ইভানভ, দ্রাজান জার্কোভিচ)।

১৯৬৬
ইংল্যান্ড
এই বিশ্বকাপের ফাইনালটি ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়। না, কেবল ইংল্যান্ড তাদের প্রথম শিরোপা জিতেছিল বলে নয়, এটাই এখন পর্যন্ত একমাত্র ফাইনাল, যে ম্যাচ দেখেছিল হ্যাটট্রিক। জিওফ হার্স্টের সেই হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। যদিও অতিরিক্ত সময়ে তাঁর দুটি গোলের একটি লাইন পেরিয়েছে কি না, সে নিয়ে বিতর্ক হয় আজও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল বাদ পড়ে যায় প্রথম রাউন্ডেই। প্রথম এশীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে যায় উত্তর কোরিয়া। টুর্নামেন্ট শুরুর আগে আগে চুরি হয়ে গিয়েছিল ট্রফিটা। লন্ডনে সেটি খুঁজে বের করে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে পিকল্স নামের একটি কুকুরও!
সর্বোচ্চ গোলদাতা: পর্তুগালের ইউসেবিও (৯টি)।

১৯৭০
মেক্সিকো
আগের বিশ্বকাপের ব্যর্থতা মুছে ফেলে আবারও শিরোপা জিতে নেয় ব্রাজিল। চার বিশ্বকাপে তৃতীয়বারের মতো ট্রফি ওঠে তাদেরই হাতে। পেলে খেলেন তাঁর চতুর্থ বিশ্বকাপের শেষটি। প্রতিটা ম্যাচে গোল করেন জেয়ারজিনহো। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় ‘ক্যাপ্টেন’ কার্লোস আলবার্তোর দল। এই বিশ্বকাপেই প্রথম চালু হয় হলুদ এবং লাল কার্ড। অবশ্য লাল কার্ড দেখানোর প্রয়োজন পড়েনি। তিনবার শিরোপা জেতায় জুলে রিমে ট্রফিটা একেবারেই দিয়ে দেওয়া হয় ব্রাজিলকে। ইতালি-জার্মানি সেমিফাইনালটা সর্বকালের সেরা ম্যাচের একটি। ৪-৩ গোলে নিষ্পত্তি হওয়া ম্যাচে পাঁচটি গোলই হয়েছিল অতিরিক্ত সময়ে।
সর্বোচ্চ গোলদাতা: জার্মানির জার্ড মুলার (১০টি)।

১৯৭৪
জার্মানি
বিশ্বকাপে আবির্ভাব হলো ‘টোটাল ফুটবলে’র। কিন্তু ১৯৫৪-তে ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’দের হটিয়ে দিয়েছিল যারা, সেই জার্মানদের ছকেই আটকে গেল রাইনাস মিশেলস্ আর ইয়োহান ক্রুইফের হল্যান্ড। খেলার আগে অন্য এক খেলা খেলে হল্যান্ডকে হকচকিয়ে দিয়েছিল জার্মান সংবাদমাধ্যম। কিন্তু ম্যাচের ২ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল ডাচরা। শেষরক্ষা হয়নি। ২৫ মিনিটে সমতা ফেরায় জার্মানি। ৪৩ মিনিটে জার্ড মুলার বিশ্বকাপে তাঁর ১৪তম গোলটি করেন। ২০ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে জার্মানি।
সর্বোচ্চ গোলদাতা: পোল্যান্ডের জর্জ লাটো (৭টি)

১৯৭৮
আর্জেন্টিনা
প্রায় আধা শতাব্দী আর ১০টি বিশ্বকাপের পর অপেক্ষার পালা ফুরাল আর্জেন্টিনার। কিন্তু অপেক্ষা ফুরাল না ডাচদের। টানা দ্বিতীয় ফাইনালে উঠেও শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। ফাইনালে ওঠার আগে অবশ্য কঠিন সমীকরণের সামনে পড়ে গিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা। সেবার ফরম্যাট অনুযায়ী দ্বিতীয় রাউন্ডও হয়েছিল দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে। দুই গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। এ রকম অবস্থায় গ্রুপ পর্বে শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল স্বাগতিকেরা। ফাইনালে যেতে হলে শেষ ম্যাচটা ৪ গোলের ব্যবধানে জিততে হতো আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা জিতেছিল ৬-০ গোলে। যে ম্যাচটি পাতানো ছিল বলে এখনো কথা ওড়ে বাতাসে। ফাইনালেও কাঠখড় পোড়াতে হয়। অতিরিক্ত সময়ের দুটি গোল ৩-১-এ জেতায় আর্জেন্টিনাকে।
সর্বোচ্চ গোলদাতা: আর্জেন্টিনার মারিও কেম্পেস (৬টি)।

১৯৮২
স্পেন
আকার-আয়তনে আগের বিশ্বকাপের তুলনায় বেড়ে যায় দ্বাদশ বিশ্বকাপ। দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪টি। এই বিশ্বকাপের নায়ক ইতালিয়ান স্ট্রাইকার পাওলো রসি। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক, সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল এবং ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথম গোল—তিন ম্যাচেই রসির নামের পাশে শুধু ছয়টি গোলই লেখা হয়নি, ১৯৩৮-এর পর দীর্ঘ অপেক্ষা শেষে তৃতীয় ট্রফি জেতে ইতালি। জার্মানরা ফাইনালে উঠেছিল ফ্রান্সের সঙ্গে জমজমাট এক ম্যাচ জিতে। ৯০ মিনিট পর্যন্ত ১-১ সমতার কারণে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ৯২ আর ৯৮ মিনিটে গোল করে ৩-১-এ এগিয়ে ফ্রান্স। প্রথমবারের মতো ফাইনালে ওঠার রোমাঞ্চ টের পেতে শুরু করেছিল প্লাতিনির দল। কিন্তু জার্মানরা হার মানবে কেন? ১০২ আর ১০৮ মিনিটে শোধ হয়ে গেল দুটি গোলই। হকচকিত ফ্রান্স হারল টাইব্রেকারে।
সর্বোচ্চ গোলদাতা: ইতালির পাওলো রসি (৬টি)।

১৯৮৬
মেক্সিকো
কত শত অজস্র গল্পগাথা লেখা হয়েছে এই বিশ্বকাপ ঘিরে। অবশ্যই কেন্দ্রে মহানায়ক একজনই। ডিয়েগো ম্যারাডোনা। আসরটি আসলে হওয়ার কথা ছিল কলম্বিয়ায়। কিন্তু তারা অপারগতা প্রকাশ করায় দায়িত্ব পায় মেক্সিকো। প্রথম দেশ হিসেবে দুটি আসর আয়োজনের গৌরবে স্নাত হয় দেশটি। কিন্তু আসল গৌরব, উদ্ধত অহংকার, কিংবদন্তি...সবকিছুই আসলে জমা পড়ে ম্যারাডোনার নামের পাশে। কোয়ার্টার ফাইনালে সেই দুটি বহুল আলোচিত গোল—‘হ্যান্ড অব গড’ আর ‘গোল অব দ্য সেঞ্চুরি’। ফাইনালে আর্জেন্টিনার সামনে জার্মানি। ৭৩ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকার পরও সমতা ফিরিয়ে এনে যারা আবারও হার-না-মানা মানসিকতার পরিচয় দিয়েছিল। ৮৩ মিনিটে হোর্হে বুরুচাগা জীবনের সবচেয়ে স্মরণীয় গোলটি করলেন। ৩-২-এ জিতে গেল আর্জেন্টিনা।
সর্বোচ্চ গোলদাতা: ইংল্যান্ডের গ্যারি লিনেকার (৬টি)।

১৯৯০
ইতালি
ভিন্ন দেশ, ভিন্ন আমেজ; কিন্তু ফাইনালে চার বছর আগের দুই প্রতিপক্ষই—আর্জেন্টিনা-জার্মানি! এবার কিন্তু চোখে অশ্রু আর হূদয়ে রক্তক্ষরণ নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার এক নম্বর শত্রু বনে গেলেন এডগার্ডো কোডেসাল। তাঁর বিতর্কিত সিদ্ধান্তেই তো ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে গেল জার্মানি। আর সেখান থেকে আন্দ্রিয়াস ব্রেমার গোলে জিতে গেল লোথার ম্যাথাউসের দল। কোডেসালের কুশপুতুল বুঝি আজও পোড়ে আর্জেন্টিনায়! প্রথম আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে আসে ক্যামেরুন।
সর্বোচ্চ গোলদাতা: ইতালির সালভাতর শিলাচি (৬টি)।

১৯৯৪
যুক্তরাষ্ট্র
বেশ কিছু অঘটনের জন্ম দিয়েছে এই বিশ্বকাপ। ইং