ফিরে দেখা ২০২০

ম্যারাডোনার মৃত্যু। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বজয়। ৩০ বছর পর লিভারপুলের লিগ জয়। করোনা থেকে বাঁচতে জৈব সুরক্ষাবলয়ে ক্রিকেট। ২০২০ সালটাকে কি এত সহজে ভোলা যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় ফেরাটাই আসল

মুমিনুল হক, অধিনায়ক, বাংলাদেশ টেস্ট দল

এ শুরুতে আমাদের সুযোগ হয়েছিল কিছু আন্তর্জাতিক সিরিজ খেলার। ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে আমরা ভালো করতে পারিনি। তবে দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টটা নিজেদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলেছিলাম। সব মিলিয়ে ২০২০ সালে ১০টি টেস্ট খেলার কথা ছিল আমাদের। কিন্তু কে জানত, এরপর আমাদের আর এই বছর টেস্টই খেলা হবে না! এতে খারাপই লেগেছে। তবে তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে।

করোনার কারণে মার্চে যখন একে একে সব বন্ধ হয়ে যেতে লাগল, সত্যি বলতে কী তখন খেলার চেয়ে জীবনের চিন্তাই অনেক বেশি কাজ করছিল। মনে হচ্ছিল খেলার চেয়ে বেঁচে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। সবার মধ্যে আতঙ্ক–ভয় কাজ করছিল, করোনায় হয়তো আমাদের দেশে অসংখ্য মানুষ মারা যাবেন। আল্লাহর রহমতে সেটি হয়নি।

ক্যারিয়ার থেকে প্রায় একটা বছর হারিয়ে গেল। যে টেস্টগুলো স্থগিত হয়েছে, সেগুলো আবার কবে খেলতে পারব, কে জানে! স্থগিত টেস্টগুলো আবার পেলেও পেতে পারি। কিন্তু হারিয়ে যাওয়া সময় তো আর ফিরবে না। ক্রিকেটার হিসেবে তাই একটু হতাশই হয়েছি। খারাপ লাগলেও চেষ্টা করেছি মানসিকভাবে শক্ত থাকতে। পরে তো আমার নিজেরও করোনা হলো।

কঠিন সময় পেরিয়ে শেষ পর্যন্ত আমরা ক্রিকেটে ফিরেছি। এটাই আসল। এর জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতেই হবে। এখন ২০২০ সালের বিভীষিকা ভুলে নতুন বছরে আমাদের নতুন করে শুরু করতে হবে। আমাদের টেস্ট দল এখনো পরিণত নয়। তবে আমার আশা, নতুন বছরে আমরা একটা ভালো টেস্ট দলে পরিণত হতে পারব। ২০২১ সালটা ভালোভাবে শুরু করে ভালোভাবে শেষ করতে চাই।

মিশ্র অনুভূতির বছর

নাবিব নেওয়াজ, জাতীয় দলের স্ট্রাইকার

২০২০ সালটা শুরু হয়েছিল ভালোভাবেই। বঙ্গবন্ধু গোল্ডকাপে তিনটি ম্যাচ খেলেছি আমরা। ফিলিস্তিন ও বুরুন্ডির কাছে হারলেও শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিতে পেরেছি। এরপরই মৌসুমসূচক ফেডারেশন কাপ শেষে প্রিমিয়ার লিগের পর্দা ওঠে। কিন্তু করোনায় মার্চের মাঝামাঝি সবই থমকে যায়।

শুধু ফুটবল কেন, সব খেলাই বাক্সবন্দী হয়ে পড়ে ওই সময়। ফুটবলাররা সবাই বাড়িতে ঢুকে পড়েন। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেক ফুটবলারই পড়ে যান তীব্র আর্থিক সংকটে। তবে দুসঃময় পেরিয়ে ফুটবল মাঠে ফিরেছে। নভেম্বরে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলেছে জাতীয় দল। ৪ ডিসেম্বর কাতারের সঙ্গে খেলার সুযোগ হয়েছে বিশ্বকাপ বাছাইয়ে। তবে কাতার ম্যাচটা আমাদের জন্য বাজে অভিজ্ঞতা হয়ে থাকবে। বছরের শেষটা প্রত্যাশা অনুযায়ী হলো না।

২০২০ বাংলাদেশের ফুটবলে কেমন গেল, এই প্রশ্নে উপসংহারে পৌঁছানো কঠিন। কারণ খেলা তো তেমন হয়নি। একটা অবরুদ্ধ অবস্থার মধ্যেই আমাদের থাকতে হয়েছে। খেলার চিন্তা বাদ দিয়ে কীভাবে সুস্থ থাকা যায়, তা নিয়েই সতর্ক থাকতে হয়েছে সব সময়। সফল বা ব্যর্থ কোনোটাই নয়, বিদায়ী বছরটাকে বাংলাদেশের ফুটবলের জন্য মিশ্র অনুভূতিরই বলব। দারুণ কিছু হয়েছে যেমন বলা যাবে না, আবার হতাশায় মুষড়ে পড়ারও কিছু নেই। জাতীয় দল ৬ ম্যাচের ২টি জিতেছে। ৩টিতে হেরেছে ও ১টি ড্র করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে খারাপ বলা যাবে না এটাকে। মাঝামাঝি একটা অবস্থান বলতে পারেন।

তবে খারাপ লাগছে এই ভেবে, ভালো শুরুর পরও কোভিডের কারণে বছরটা এলেমেলো গেল। ব্যক্তিগতভাবে আমিও ভালো শুরু করেছিলাম। দীর্ঘ ৯ মাস মাস পর আমরা ঘরোয়া ফুটবলে ফিরেছি। বছর শেষ প্রান্তে দাঁড়িয়ে এটাই সবচেয়ে আনন্দের মনে হয়।

এমন সুযোগ আগে আসেনি

সিদ্দিকুর রহমান, গলফার

২০২০ সালটা আমাদের স্মৃতিতে সংকটময় এক বছর হয়েই থাকবে। তবে করোনায় খেলা বন্ধের সময়টা ব্যক্তিগতভাবে আমি খুব ভালোভাবে কাজে লাগিয়েছি। ফিটনেসসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করেছি। নিজেকে জানা-বোঝা, নিজের ভুলগুলো শুধরে নিতে এর চেয়ে বড় সুযোগ আর আসেনি। সত্যি বলতে, এই বিরতি আমি দুহাত ভরে নিয়েছি।

বিশ্বমানের খেলোয়াড়েরাও করোনাকালের খেলাবিহীন সময়টা নিজের উন্নতির কাজে লাগিয়েছেন। আমার ধারণা, বেশির ভাগ খেলোয়াড়ই এটা করেছেন। পিজিএ ট্যুরের কিছু খেলোয়াড়ের সাক্ষাৎকার দেখেছি। করোনার ছুটিতে তাঁরাও নিজেকে নিয়ে কাজ করেছেন।

অন্যান্য বছর এত ব্যস্ত থাকি যে নিজের দিকে তাকানোর সময়ও পাই না। করোনার এই অলিখিত বড় ছুটিতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি আমি। গত মার্চ থেকে এ পর্যন্ত কোনো টুর্নামেন্ট খেলিনি। আগামী দু–তিন মাসও আমার কোনো খেলা নেই। লম্বা এই সময়ে কোনো আয় করতে না পারায় আমার মনে বিন্দুমাত্র খেদ বা দুঃখ নেই। আশা করি, শিগগিরই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব। তখন করোনাকালীন বিরতিতে নিজের খেলার উন্নতি নিয়ে কাজ করার সুবিধাটা কাজে লাগবে।

করোনার বছরে বাংলাদেশের অন্য খেলাগুলোর চাকাও বন্ধ ছিল অনেক দিন। তবে সুখের কথা যে ক্রিকেট, ফুটবল মাঠে ফিরেছে। আরও কিছু খেলা হয়েছে বা হচ্ছে। তবে আমাদের গলফ শিগগিরই মাঠে ফেরার সম্ভাবনা নেই। বাংলাদেশের বেশির ভাগ খেলোয়াড়ই ঘরোয়া টুর্নামেন্টে খেলার আয় দিয়েই জীবিকা নির্বাহ করেন। ঘরোয়া খেলা শুরু হয়ে যাওয়ায় তাঁরা আবার আয় করতে শুরু করেছেন। ক্রিকেটে টুর্নামেন্ট হয়েছে। ফুটবলে ফেডারেশন কাপ হচ্ছে এবং সামনে লিগও হবে। নতুন বছরটা আমরা খুব ভালোভাবে আবার শুরু করতে পারব, এটাই আমার আশা।