ফিরে ফিরে আসছে ওই ৪৭
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েই ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কার কোচ। অস্ট্রেলিয়ার কেপটাউন-লজ্জা তাই টেলিভিশনেও দেখার সুযোগ হয়নি জিওফ মার্শের। তবে সাবেক অস্ট্রেলীয় ওপেনার নিশ্চিত, এতটা বাজে ব্যাটিং অস্ট্রেলিয়া আর কখনোই করবে না। কারণ এমন কিছু একবারই হয়। কেপটাউনের সেঞ্চুরিয়ান হাশিম আমলার কণ্ঠেও একই সুর, ‘এ রকম ম্যাচ ৫০০ টেস্টে হয়তো একটা আসে। আমার মনে হয় না কেপটাউন ওদের খুব বেশি ভাবাবে।’কেপটাউনের মতো বিপর্যয় হয়তো আর কখনোই হবে না। কিন্তু চাইলেই কি এত তাড়াতাড়ি সব ভুলে যাওয়া যায়! ৪৭-এর লজ্জা আর চারপাশ থেকে ছুটে আসা সমালোচনার তীর অস্ট্রেলিয়াকে জোহানেসবার্গেও তাড়িয়ে বেড়াতে বাধ্য। আজ শুরু দ্বিতীয় ও শেষ টেস্টে সেটির জের দেখা যাবে অস্ট্রেলিয়ান পারফরম্যান্সে নাকি চিরন্তন অস্ট্রেলিয়ান অহম থেকে ঝাঁপিয়ে পড়বে বিপুল বিক্রমে—এই প্রশ্নের উত্তর পেতে রোমাঞ্চকর অপেক্ষায় ক্রিকেট-বিশ্ব।কেপটাউন-দুঃস্বপ্নের পরপরই আরেকটি দুঃসংবাদ শুনেছে অস্ট্রেলিয়া। সিরিজ থেকে ছিটকে গেছেন দলে ঢুকেই জায়গা পাকা করে নেওয়া শন মার্শ। বদলে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে এসেছেন ডেভিড ওয়ার্নার, তবে তিন নম্বরে মার্শের জায়গাটা নেবেন হয়তো উসমান খাজা। দৃষ্টি থাকবে অস্ট্রেলিয়ার চার নম্বর ব্যাটসম্যানের দিকেও। কেপটাউনের পর রিকি পন্টিংয়ের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান কি পারবেন, তাদের জবাব দিতে নাকি আরও অস্ত্র তুলে দেবেন সমালোচকদের হাতে?কেপটাউনে অস্ট্রেলিয়াকে ভুগিয়েছে মূলত ব্যাটিং, তবে সবচেয়ে আলোচিত পরিবর্তনটি আসছে সম্ভবত বোলিংয়ে। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট ক্যাপও পেয়ে যেতে পারেন আলোচিত ফাস্ট বোলার প্যাট্রিক কামিন্স। অভিষেক হলে ১৮ বছর ১৯৩ দিন বয়সী কামিন্স হবেন অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ১৯৫৩ সাল থেকে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার হয়ে থাকা ইয়ান ক্রেইগ অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, ‘আমার বয়স কম থাকলেও ৮-৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলাম। প্যাট তো মাত্র তিনটি খেলেছে।’ কামিন্সের অভিষেক হলে কাটা পড়বেন পিটার সিডল, শুধু অভিজ্ঞতার জোরেই হয়তো আরেকটি সুযোগ পাচ্ছেন মিচেল জনসন।দারুণ জয়ে ঢাকা পড়ে গেছে, তবে কেপটাউনে কিন্তু ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকাও। গ্রায়েম স্মিথের ফর্মে ফেরা অবশ্য বড় একটা স্বস্তি হয়ে এসেছে। ভারনন ফিল্যান্ডারের স্মরণীয় অভিষেকে যেমন থাকছে স্টেইন-মরকেলের সঙ্গে আরেকজন আক্রমণাত্মক বোলার পাওয়ার স্বস্তি। আত্মবিশ্বাসে টইটম্বুর দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিশোধ-তৃষ্ণা—রোমাঞ্চকর এক লড়াইয়ের মঞ্চ তাই প্রস্তুত। ওয়েবসাইট।