ফিরে ফিরে আসছে মারাকানা
মারাকানা নয়, এটা বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়াম। সেদিনের মতো দুই লাখ দর্শক? নাহ্, এর ধারণক্ষমতা টেনেটুনে ৬০ হাজার। আর বিশ্বকাপের ফাইনালও তো নয়, এ যে কনফেডারেশনস কাপের সেমিফাইনাল মাত্র!
তার পরও ১৯৫০ সালের ১৬ জুলাই ফিরে ফিরে আসছে। আসতেই হবে। নিজেদের ‘অলৌকিক’ সেই জয়ের কথা উরুগুয়ে যদি কোনো দিন ভুলেও যায়, ব্রাজিল সেই পরাজয়ের কথা কোনো দিনই ভুলবে না। এর পর থেকে যেখানেই উরুগুয়ের মুখোমুখি হয়েছে সেলেসাওরা, সেটাই তাদের কাছে বিশ্বকাপের ফাইনালে সেই হারের ‘প্রতিশোধের ম্যাচ’ হয়ে গেছে। একবার নয়, অনেকবার উরুগুয়েকে হারিয়েছেও ব্রাজিল। কিন্তু মারাকানার সেই হারের বদলা যেন নেওয়া হয়নি আজও! ব্রাজিলিয়ানরা সেই পরাজয়ের বেদনা বুকে বয়ে নিয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম। বারবোসা-ফ্রিয়াকা-জিজিনহো থেকে নেইমার-ফ্রেড-অস্কার পর্যন্ত! মিনেইরো স্টেডিয়ামেও আজ তাই ব্রাজিলের ‘প্রতিশোধের ম্যাচ’।
ছয় দশকেরও বেশি আগে অবিশ্বাস্যভাবে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপাজয়ী দলটির ছায়া উরুগুয়ের এই দলে খুঁজতে গেলে অবশ্য ভুল হবে। সেই সোনালি সময় উরুগুয়ে পেছনে ফেলে এসেছে অনেক আগেই। এই উরুগুয়ে বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে হিমশিম খাচ্ছে। কনফেডারেশনস কাপেও বাকি তিন সেমিফাইনালিস্টের চেয়ে পারফরম্যান্সে যথেষ্টই পিছিয়ে তারা। কিন্তু দলটা উরুগুয়ে। হিসাবের মধ্যে না থেকেও গত বিশ্বকাপের সেরা চার দলের একটি। ব্রাজিল-আর্জেন্টিনাকে টপকে ২০১১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন! এই উরুগুয়েকেই সমীহ করছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক হুলিও সিজার, ‘আমি ওদের খুব ভালো করে চিনি। আমাদের খুব সতর্ক থাকতে হবে।’ নেইমার-আলোতে উজ্জ্বল ব্রাজিল ইতালির মতো দলকে সহজে হারালেও আজকের ম্যাচে তাই নিজেদের এগিয়ে রাখতে নারাজ সিজার, ‘কেউই ফেবারিট নয়। ওদের আক্রমণভাগ খুব শক্তিশালী, যাদের ক্ষমতা আছে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার।’ ফোরলান-সুয়ারেজ-কাভানিকে নিয়ে সিজারের এই চিন্তাটা অকারণ নয়। তার ওপর তাহিতির বিপক্ষে একাই চার গোল করেছেন আরেক উরুগুইয়ান স্ট্রাইকার আবেল হার্নান্দেজ। ব্রাজিলিয়ান ডিফেন্সকে তাই বড় পরীক্ষাই দিতে হবে আজ।
তবে উরুগুয়ের ডিফেন্সের চ্যালেঞ্জটা তো আরও বড়। দেশের জার্সিতে দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। গ্রুপ পর্বে জাপান, মেক্সিকো ও ইতালির রক্ষণভাগকে নাচিয়ে ছেড়েছেন। শুধু নিজে গোল করছেন না, সতীর্থদের গোল বানিয়েও দিচ্ছেন। তাঁর জাদুকরি সব পাস বিষ মাখিয়ে প্রতিপক্ষের জালে পুরে দিতে ভুল হচ্ছে না ফ্রেড, জো ও পলিনহোদেরও। আজও নেইমারের পায়ে জাদুর ঝলক দেখতে তাকিয়ে থাকবে পুরো ব্রাজিল।
উরুগুয়ের জন্য এই কনফেডারেশনস কাপ এসেছে একটু মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়ে। সাম্প্রতিক পারফরম্যান্স খুব খারাপ, প্রতিবেশী ব্রাজিলে আগামী বিশ্বকাপ খেলা নিয়েই প্রবল সংশয়। যে কারণে কনফেডারেশনস কাপের সেমিফাইনালে উঠতে পেরেই লক্ষ্য পূরণ হয়ে গেছে বলে জানিয়ে দিয়েছেন কোচ অস্কার তাবারেজ। তাই আজ ‘ব্রাজিল-বাধা’ টপকে ফাইনালে উঠে গেলে সেটা হবে উরুগুয়ের জন্য বাড়তি পাওনা। ম্যাচের আগে পরিষ্কার ‘আন্ডারডগ’ মনে হলেও সে আশা কিন্তু ছেড়ে দিচ্ছেন না তাবারেজ, ‘ফুটবলে অসম্ভব কিছুই নয়। তবে কাজটা কঠিন, কারণ ব্রাজিল দুর্দান্ত দল এবং ওরা খেলছেও নিজেদের মাঠে।’ এএফপি।