ফিরে ফিরে আসছে ১৯৫০
বয়স তখন ছিল মোটে চার ছুঁইছুঁই। কিন্তু বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয় ইতালির উত্তর-পূর্ব সীমান্তের এক ছোট্ট শহরে কীভাবে আলোড়ন তুলেছিল, এখনো ঠিক মনে পড়ে ফ্যাবিও ক্যাপেলোর। ৬০ বছর পর ওই ম্যাচের ইতিহাসে যখন যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়, সেই ক্যাপেলোই অন্যতম নির্ণায়কের ভূমিকায়। সেদিন আলোড়নের কারণটা ঠিক বুঝে উঠতে পারেননি। বুঝেছেন অনেক পরে। আর এখন তো ভালো করেই জানেন, ১৯৫০ বিশ্বকাপের সেই ঘটনার পুনরাবৃত্তি আজ হলে, পরিস্থিতিটা হবে আরও ভয়াবহ।ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকায় গেছে ৪৪ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন নিয়ে। প্রথম ম্যাচেই যখন সামনে যুক্তরাষ্ট্র, আপাতত লক্ষ্য দুটি—শিরোপা অভিযান ভালোভাবে শুরু করা আর পাঁচ যুগের আগের অপমানের চরম প্রতিশোধ নেওয়া। হার তো বহুদূর, এই ম্যাচ ড্র করলেও ইংল্যান্ডের জন্য তা হবে বিপর্যয়। ক্যাপেলোও এটা জানেন, তবে খুব একটা চিন্তিত নন, ‘আমি খুব ভালোভাবে জানি, জানি এই ম্যাচটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে আমি উদ্বিগ্ন নই। আমরা অনেক উন্নতি করেছি, দলের স্পিরিটটা দারুণ। সবকিছুই এখন খুব ভালো।’আজ হারলে গোটা ইংল্যান্ড আরেকবার স্তম্ভিত হবে, তবে বিশ্ব ফুটবল কিন্তু সেদিনের মতো বিস্মিত হবে না। দু দলের সেই ব্যবধানটাই যে এখন আর নেই, ফিফা র্যাঙ্কিংয়েও ইংল্যান্ড এগিয়ে মাত্র ৬ ধাপ। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র সমীহ জাগানো শক্তি, গত কনফেডারেশনস কাপেও স্পেনের অপ্রতিরোধ্য যাত্রা থামিয়ে ফাইনাল খেলেছিল তারা। কোচ মাইকেল ব্র্যাডলি, দলের সবচেয়ে বড় তারকা ল্যান্ডন ডনোভান বেশ কবারই সরাসরি বলে দিয়েছেন, ইংল্যান্ডকে আরেকবার হারাতে চান তাঁরা। এই সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে বলেই ক্যাপেলো জানিয়েছেন কতটা সতর্ক তাঁরা।১৯৫০ বিশ্বকাপের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হবে দু দল। সব মিলিয়ে অবশ্য আরও আটবার মুখোমুখি হয়েছে তারা। ফুটবল ঐতিহ্য আর শক্তির প্রতিফলন আছে পরিসংখ্যানেও, সাতবারই জিতেছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র জিতেছে বাকি ম্যাচটি, তবে সেটিও ২৫ বছর আগে। যুক্তরাষ্ট্রের জন্য সুখবর, সামান্য ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ জজি আলটিডোর।রিও ফার্ডিনান্ডের জায়গায় ইংলিশ রক্ষণদুর্গে জন টেরির সঙ্গে জুটি বাঁধবেন লেডলি কিং। গ্যারেথ ব্যারির ইনজুরিতে মাঝমাঠে পাশাপাশি খেলতে হবে জেরার্ড-ল্যাম্পার্ডকে। একই ধরনের বলেই হয়তো দুজনের জুটি আগে ঠিক জমেনি। তবে এই দুজনের সামনে থাকবেন ইংলিশদের সবচেয়ে বড় ভরসা ওয়েইন রুনি। এ মৌসুমে নিজেকে নতুন করে চেনানো রুনির সবচেয়ে বড় পরীক্ষা শুরু আজ থেকেই। এই পরীক্ষায় রুনি পাস করলে ইংলিশদের স্বপ্নও সত্যি হবে।ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রওয়েইন রুনিতাঁর মতো এত প্রত্যাশার চাপ নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন খুব কম খেলোয়াড়ই। ইংল্যান্ডের তারকারাজির মাঝে সবচেয়ে উজ্জ্বল ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এ মৌসুমে তাঁর অসাধারণ পারফরম্যান্সই এবার স্বপ্ন দেখাচ্ছে ইংলিশদের। ক্লাবের হয়ে তো পরিপক্বতার প্রমাণ দিয়েছেনই, এবার জাতীয় দলেও দেওয়ার পালা।জজি আলটিডোরযুক্তরাষ্ট্রের সবগুলো বয়সভিত্তিক দলে খেলেছেন, জাতীয় দলে অভিষেক নিজের আঠারোতম জন্মদিনের এগারো দিন পরে। বিশ বছর বয়সেই জজি আলটিডোর এখন যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের মূল ভরসা। ইংল্যান্ডের ডিফেন্সকে চমকে দিতে পারেন বাছাইপর্বে ৬ গোল করা স্ট্রাইকার।