ফিরেই আক্রমণাত্মক ভাজ্জি
পারফর্ম করে জবাব দেওয়ার অপেক্ষাটুকুও করলেন না। ভারতের টেস্ট দলে ফিরেই জমে থাকা সব ক্ষোভ উগরে দিলেন হরভজন সিং। সমালোচকদের সমালোচনার নিয়ম শিখিয়ে বললেন, সমালোচনা কখনোই একতরফা হওয়া উচিত নয়!গত পরশু রঞ্জি ট্রফিতে পাঞ্জাবকে ইনিংস জয়ে নেতৃত্ব দেওয়ার মুখে রীতিমতো ঝড় তুললেন ভাজ্জি, ‘একজন ভালো বোলারকে কখনোই উইকেটসংখ্যা দিয়ে বিচার করা উচিত নয়, তাঁর বোলিং দক্ষতাটাও বিবেচনায় নেওয়া উচিত। কখনোই ক্রিকেট খেলেনি, এমন কিছু লোক আমাকে নিয়ে ফালতু সব কথা লিখছে। কিন্তু এসব কখনোই একতরফা হওয়া উচিত নয়। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের মতো কিংবদন্তি স্পিনারদেরও আমি অনেক ম্যাচে উইকেটহীন থাকতে দেখেছি। আমি জাদুকর নই, বাজে সময় আসতেই পারে!’সমস্যা হলো, দলে জায়গা হারানোর আগে কিছুদিন হরভজনের বাজে সময়টা একটু বেশিই বাজে ছিল। ইংল্যান্ডেই ২ টেস্টে ২ উইকেট জুটেছিল ২৮৭ রান খরচায়! ৩২ বছর বয়সী স্পিনার সেই ব্যর্থতা স্বীকার করে মাঝের সময়টায় নিজেকে আরও সমৃদ্ধ করেছেন বলে দাবি করলেন, ‘বাদ পড়ার সময়টায় আমি নিজের মতো বোলিং করতে পারিনি। কিন্তু গত দেড় বছরে অনেক শিখেছি। খেলার বিভিন্ন দিক নিয়ে কাজ করেছি। পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দিয়েছি। আমার ধারণা, আমি এখন আগের চেয়ে ভালো শ্রোতা, মাঠের ভেতর সবকিছু সামলাতে পারি আরও ভালোভাবে। কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা না করে নিজেই ঘটাতে শিখেছি। ক্রিকেটার হিসেবে আরও বিকশিত হয়েছি।’বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট (৪০৬) হরভজনেরই। বাদ পড়ার আগে ছিলেন টেস্ট খেলার সেঞ্চুরির দোরগোড়ায়। শততম টেস্ট খেলার সম্ভাবনা আবার উজ্জ্বল হওয়ায় রোমাঞ্চিত ভাজ্জি, ‘১০০ টেস্ট খেলতে পারাটা হবে দারুণ। ভারতের সাদা পোশাক আবার গায়ে চাপাতে তর সইছে না আমার।’ ওয়েবসাইট।