ফিরেই আবার বাইরে রকিবুল
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই দলের হয়ে সবচেয়ে বেশি রান করলেন, কিন্তু রকিবুল হাসান এবার বাঁধা পড়লেন দুর্ভাগ্যের বেড়াজালে। গত পরশু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পেয়ে দেশে ফিরে আসতে হচ্ছে এই মিডল-অর্ডার ব্যাটসম্যানকে। ওই ম্যাচে চোখে গুরুতর আঘাত পেয়েছেন উইকেটকিপার মুশফিকুর রহিমও, তবে তিনি আপাতত দলের সঙ্গেই থাকছেন। এই দুজনের দুর্ভাগ্য দ্বার খুলে দিয়েছে এশিয়ার কাপে বাজে পারফরম্যান্সের পর জায়গা হারানো মোহাম্মদ আশরাফুল ও নাঈম ইসলামের জন্য। গতকাল সকালেই লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আশরাফুল, আজ সকালে ঢাকা ছাড়ার কথা নাঈমের। মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে সগীর হোসেনকেও, প্রয়োজনে পাঠানো হবে এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে।বাংলাদেশের জন্য ইংল্যান্ড সফরের দ্বিতীয় পর্বের শুরুটা হলো খুবই বাজে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান করেও হারতে হলো, তার ওপর আবার ওই দুজনের ইনজুরির আঘাত। রকিবুল চোট পেয়েছেন ব্যাটিংয়ের সময়, মুশফিক কিপিংয়ে। বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারে জেমস অ্যান্ডারসনের একটি ইয়র্কারে বাঁ পায়ে আঘাত পান রকিবুল। শুশ্রূষার পর অবশ্য রানার নিয়ে খেলেছেন, তবে রানআউট হয়ে যান ৫ বল পরই। পরে জানা গেছে, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।টিভি পর্দায় মুশফিকের চোটটাকেই বেশি গুরুতর মনে হচ্ছিল। ইংল্যান্ড ইনিংসের ২৬তম ওভারে বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেনের একটি বল একটু বেশি লাফিয়ে আঘাত করে তাঁর বা চোখের ভ্রুতে। মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। বাকি সময়টা উইকেটকিপিং করেন জুনায়েদ সিদ্দিক। মুশফিককে তখনই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে আপাতত দেশে ফিরে আসছেন না পরশু ১৮ বলে ২ ছক্কায় ২২ রান করা এই উইকেটকিপার। সিদ্ধান্ত নেওয়া হবে আরও দু-একদিন পর্যবেক্ষণে রাখার পর। উইকেটকিপিংয়ের কাজটা আপাতত চালিয়ে যাবেন জহুরুল ইসলাম।ট্রেন্ট ব্রিজে পরশু টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫০ রান করেছিল বাংলাদেশ। দেড় বছর পর ওয়ানডেতে ফিরেই ইয়ান বেলের অপরাজিত ৮৪ রান ইংল্যান্ডকে লক্ষ্যে পৌঁছে দেয় ২৯ বল আগেই। ৬ বছর পর আবার জাতীয় দলের হয়ে মাঠে নামা ফয়সাল হোসেন খেলেছেন অলরাউন্ডার হিসেবে, ৮ নম্বরে নেমে করেছেন ৮ রান। ৬.১ ওভার বোলিং করে উইকেট পাননি একটিও। দুই উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান।