
গত বছর বিজয় দিবস হকিতে অংশই নেয়নি আবাহনী। এবার ফিরেই চ্যাম্পিয়ন, যদিও মোহামেডানসহ বিদ্রোহী তিন ক্লাব না খেলায় বিজয় দিবস হকিটা এবার একটু রংই হারিয়েছে। জাতীয় দলের খেলোয়াড় কৌশিক, সারোয়ার, অজিতরা মোহামেডানের সঙ্গে চুক্তি করে বেশ বিপাকে। তবে মোহামেডানের সঙ্গে সমঝোতা করে পুষ্কর খীসা (মিমো), হাসান যুবায়ের নিলয়রা আবাহনীর হয়ে খেলছেন এই মৌসুমে। বিকেএসপির ছয় খেলোয়াড়ের সঙ্গে শেখ নান্নু, মশিউর বিপ্লব ও পুষ্করদের নিয়ে গড়া আবাহনী মৌসুমের শুরুতে হতাশ করেনি। বিজয় দিবস হকির ফাইনালে সেনাবাহিনীকে উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে।
মওলানা ভাসানী স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে কাল ছিল উপচে পড়া দর্শক। ম্যাচ শেষে আবাহনীর পতাকা গায়ে জড়িয়ে খেলোয়াড়দের সঙ্গে মাঠে ল্যাপ অব অনার দিলেন উচ্ছ্বসিত অনেক সমর্থক।
কাল শুরু থেকেই আক্রমণাত্মক আবাহনী প্রথম গোলটি পেয়েছে অবশ্য ২০ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে প্রথম দলকে এগিয়ে নেন আশরাফুল। ৩১ মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন পুষ্কর। বিরতির আগে আশরাফুলের গোলেই ৩-০ করে ফেলে আবাহনী। ৪৬ মিনিটে ৪-০ করেন খোরশেদুর। ম্যাচের ৬৫, ৬৬ ও ৬৭ মিনিটে টানা তিন গোল করেন পুষ্কর, নান্নু ও নিলয়। ৪৫ মিনিটে সেনাবাহিনীর সান্ত্বনাসূচক গোলটি মিলনের।
সেনাবাহিনী দলের মাঝমাঠ বলে কিছুই ছিল না। গোলমুখে বেশি হিট করেছে সেনাবাহিনীই। কিন্তু পাল্টা-আক্রমণে আবাহনীর খেলোয়াড়েরা স্টিক নিচে রেখে পাস খেলেছে বেশি। ম্যাচ শেষে আবাহনীর কোচ মাহবুব হারুন বললেন, ‘এত সহজে জয় পাব ভাবিনি। আমার নির্দেশনা টুর্নামেন্টের শুরু থেকে মেনেছে খেলোয়াড়েরা। এই জয়ের পুরো কৃতিত্বই খেলোয়াড়দের।’ সেনাবাহিনীর কোচ জামাল হায়দার আবাহনীর শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন, ‘ওরা ভালো দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার সেরা দুই মিডফিল্ডার সাব্বির রানা ও জামাল খান হাঁটুর ইনজুরিতে খেলতে পারেনি।’
ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর আশরাফুল ইসলাম। ৯ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সেনাবাহিনীর আবদুল মালেক, ফেয়ার প্লে ট্রফি পেয়েছে বাংলাদেশ পুলিশ দল।