ফিরেই চ্যাম্পিয়ন বিকেএসপি
শেষ বাঁশি বাজতেই ভিআইপি গ্যালারি থেকে কিছু তরুণ ছুটে এল মাঠে। বিকেএসপির পতাকা নিয়ে ঘুরতে লাগল চারপাশ। খেলোয়াড়দের সঙ্গে এই সমর্থকদের আনন্দ বেশ উপভোগ করছিলেন বিকেএসপির মহাপরিচালক ও অন্য কর্মকর্তারা। কাল জাতীয় যুব হকির ফাইনালে রাজশাহী জেলাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি।এ পর্যন্ত ২৩ বার হওয়া যুব হকিতে সর্বোচ্চ ১১ বার চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর খেলার সুযোগ পায়নি তারা, এবার ফিরেই দাপটের সঙ্গে পুনরুদ্ধার করল শিরোপা।ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন খোরশেদুর। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই খোরশেদুর দ্বিগুণ করেন ব্যবধান। ৬৩ ও ৬৪ মিনিটে দ্বীন ইসলাম ও রুম্মন করেন আরও ২ গোল। পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলা রাজশাহী কাল প্রথমার্ধে ২ গোল খেয়ে ম্যাচে ফিরতেই পারেনি। দুটি ভালো সুযোগ নষ্ট করেন লালন ও সজীব। তবে ম্যাচ শেষে অখুশি ছিলেন না রাজশাহীর কোচ আশরাফুল ইসলাম (শিশু), ‘ছেলেরা যা খেলেছে তাতে আমি খুশি। আসলে আমাদের খেলোয়াড়েরা অ্যাস্ট্রো টার্ফে খেলে অভ্যস্ত নয়। মাত্র ২১ দিনের অনুশীলনে যা খেলেছে তাতে আমি সন্তুষ্ট।’ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রাজশাহীর গোলরক্ষক মাসুদ পারভেজ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।