ফিরেই চ্যাম্পিয়ন রাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল রাকিব: দ্বিতীয় শিরোপা
আবদুল্লাহ আল রাকিব: দ্বিতীয় শিরোপা

জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। শিরোপা-দৌড়ে বেশির ভাগ সময় শেষ মুহূর্তে পিছিয়ে পড়তেন। জাতীয় দাবায় বারবার রানারআপ হতে একসময় বিরক্তই লাগত রাকিবের। এ কারণে বেশ কয়েকবার ওয়াকওভারও দিয়েছেন। কিন্তু এবার যেন একটা জেদ চেপেছিল তাঁর মধ্যে, পিছিয়ে পড়া যাবে না। সম্ভাবনাকে দূরে ঠেলে দেওয়া যাবে না ওয়াকওভার!
সর্বোচ্চ ১২ বারের জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গেই রাকিবের প্রতিদ্বন্দ্বিতাটা জমত বেশি। এবারও জিয়ার সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু মেহেদি হাসানের কাছে অষ্টম রাউন্ডে জিয়ার হারেই সম্ভাবনা উজ্জ্বল হয় রাকিবের। কাল শেষ রাউন্ডে রাকিবের প্রয়োজন ছিল জয়। খন্দকার আমিনুলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন রাকিব। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হন প্রথম। এরপর ২০০৮ সালে অংশ নিলেও মাঝে চারবার খেলেননি। চার বছর পর জাতীয় দাবায় ফিরেই আবারও জিতলেন শিরোপা। ১৩ ম্যাচে রাকিবের পয়েন্ট ১১। সমান ম্যাচে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে রানারআপ জিয়াউর রহমান। চ্যাম্পিয়ন হওয়ার পথে রাকিব ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, এনামুল হোসেন (রাজীব) ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সঙ্গে। বাকি ম্যাচগুলোয় জিতেছেন।
শেষ রাউন্ডের আগে একটু স্নায়ুচাপেই ভুগছিলেন রাকিব, ‘জেতার জন্য খেলতে হবে ভেবে একটু চাপে ছিলাম। চেয়েছিলাম শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে। জানতাম, অন্যরা খারাপ করলে আমার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।’
প্রায় দুই ঘণ্টার ম্যাচ শেষে উচ্ছ্বসিত রাকিব বললেন, ‘যেকোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেই ভালো লাগে। এ রকম মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে একটু বেশিই ভালো লাগছে।’ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এখন আর দাবায় সেভাবে উৎসাহ পান না। রাজীব-রাকিবদের দিকেই তাকিয়ে সবাই। কত দিন খেলে যেতে চান? রাকিবের উত্তর, ‘আমার খেলার মান আগের মতোই ধরে রেখেছি। তবে মাঝের বিরতিটা না পড়লে হয়তো রেটিংটা আরও বাড়ত। যত দিন পারি খেলে যাব।’ বর্তমানে রাকিবের রেটিং ২৫১১। এই টুর্নামেন্টের পর আরও ১০ পয়েন্ট যোগ হওয়ার সম্ভাবনা আছে। দেশের সর্বোচ্চ রেটিংধারীর এই পয়েন্টই তো ফুটিয়ে তোলে বাংলাদেশের দাবার রুগ্ণ চেহারাটা!