ফিরেই জিতল ঢাকা মেট্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগে ফেরাটা জয় দিয়েই উদ্যাপন করল ঢাকা মেট্রো। কাল রাজশাহীতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে দলটি। ১৫৩ রানের জয়ের লক্ষ্য সামনে নিয়ে মেট্রোর ব্যাটসম্যানরা তৃতীয় দিন শেষেই তুলেছিলেন ২ উইকেটে ৭২ রান। শেষ দিনে প্রয়োজনীয় ৮০ রান তুলতে আরও ২ উইকেট হারায় তারা। জয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন আসিফ আহমেদ। প্রথম ইনিংসেও সর্বোচ্চ ৭১ রান করা একাডেমি দলের এই ব্যাটসম্যানই হয়েছেন ম্যাচসেরা।বগুড়ায় প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিষেক ম্যাচে রংপুর হার এড়িয়েছে আট নম্বরে নামা আলাউদ্দিন বাবুর (৬১*) ব্যাটিং-দৃঢ়তায়। ঢাকা বিভাগের বিপক্ষে ৩৭৫ রানের লক্ষ্যে ব্যাট করে ১১৬ রানেই ৬ উইকেট হারায় রংপুর। আলাউদ্দিন যখন ক্রিজে আসেন তখনো খেলা বাকি ছিল ৩১ ওভার। সপ্তম উইকেটে মাহমুদুল হাসানের সঙ্গে ১৫.৩ ওভারে ৪৩ ও অষ্টম উইকেটে সাজেদুলকে সঙ্গী করে ১৫.৩ ওভারে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন প্রথম ইনিংসেও সর্বোচ্চ ৭৬ রান করা ব্যাটসম্যান।এর আগে ২৯৮ রানে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা। রনি তালুকদারের পর কাল সেঞ্চুরি পেয়েছেন আরেক ওপেনার আবদুল মজিদ (১০৪*)। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। ম্যাচে ৬ উইকেট পাওয়া ঢাকার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন হয়েছেন ম্যাচসেরা।সিলেটে সাত নম্বর ব্যাটসম্যান সৌম্য সরকারের ব্যাটিংয়ে ম্যাচ বাঁচিয়েছে খুলনা। ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল দলটি। দিনের খেলা তখনো বাকি ছিল প্রায় ৪০ ওভার। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে জিয়াউর রহমানকে সঙ্গী করে ৩৫ ওভারে ৭৫ রান যোগ করেন সৌম্য। সৌম্য একাই করেন ৬২ রান। প্রথম ইনিংসেও অপরাজিত ৫৬ করেছিলেন এই বাঁহাতি। এই ম্যাচেই ২৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া এনামুল জুনিয়র ৬ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।