ফিরেই জিতলেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্টিগা টেস্টে ৯ উইকেটে পরাজয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর মনে করছেন, টার্নিং পয়েন্ট ছিল প্রথম সেশনেই তাঁদের ২ উইকেট পড়ে যাওয়া। নিউজিল্যান্ড তাই টেস্ট বাঁচাতে পারেনি। কিন্তু কেমার রোচের হিসাব সোজা। দিনটাই নাকি ছিল তাঁর, নিউজিল্যান্ড তো হারবেই!প্রথম ইনিংসে ১৭১ রানে পিছিয়ে ছিল ‘ব্ল্যাক ক্যাপরা’। দ্বিতীয় ইনিংসে তারা করতেই পারল ২৭২। ৪৬ ওভারে ১০২ রানের জয়ের লক্ষ্যটা সহজেই টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। গেইল-পাওয়েলের ওপেনিং জুটিতেই ৭৭। পাওয়েল ৩০ রান করে আউট হয়ে গেলেও ফুদাদিনকে নিয়ে চা-বিরতির পর ম্যাচ জিতিয়ে ফিরেছেন দেড় বছর পর টেস্টে ফেরা গেইল। প্রথম ইনিংসে ১৫০ করার পর দ্বিতীয় ইনিংসে ৪৯ বলে অপরাজিত ৬৪। গেইল ফিরেই টেস্ট জয়ের স্বাদ পেল, ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জিতল প্রায় ৯ মাস পর। গত বছর মে মাসে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এটি বড় দলের বিপক্ষে ক্যারিবীয়দের প্রথম জয়। মের পর অক্টোবরে ঢাকায় তারা সর্বশেষ টেস্ট জেতে বাংলাদেশের বিপক্ষে।কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের পেছনে একক কৃতিত্ব কার সেটি খুঁজে বের করা সহজ নয়। গেইল তো আছেনই। কাগজে-কলমে অবশ্য সেটা দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া অফ স্পিনার সুনীল নারাইনের। কিন্তু রোচের কৃতিত্বকেও খাটো করা যাচ্ছে না। প্রথম ইনিংসে ২ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে কিউইদের কোমর তো ভেঙেছেন এই পেসারই!পরশু শেষ দিনের শুরুতে টেস্ট ড্র করার ভালো সম্ভাবনা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে খেলতে নেমে সেটিকে টেনে নিতে পারেনি তারা। দলের ২১৭ রানের মাথায়ই নিজের পর পর দুই ওভারে টেলর ও উইলিয়ামসনকে তুলে নেন রোচ। নিউজিল্যান্ড এরপর আর থিতু হতে পারেনি। রোচের সামনে বিধ্বস্ত কিউইদের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৫৫ রানে।টেস্টে পঞ্চম ৫ উইকেট পাওয়ার দিনে দারুণ খুশি রোচ, ‘পুরো ম্যাচেই উইকেট ব্যাটিং-সহায়ক ছিল। তবে সানির (সুনীল নারাইন) ওপর আস্থা রাখছিলাম আমরা। দুই ইনিংসেই সে অসাধারণ বল করেছে। তবে আজকের (পরশু) ছিল আমার।’ ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৫১; ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫২২; নিউজিল্যান্ড ২য় ইনিংস: ২৭২ (গাপটিল ৬৭, ফ্লিন ২০, ম্যাককালাম ৮৪, টেলর ২১, ওয়াগনার ১৩, উইলিয়ামসন ০, ব্রাউনলি ৫, ভ্যান উইক ৩০, ভেট্টোরি ১৩, ব্রেসওয়েল ০, মার্টিন ০*; রোচ ৫/৬০, নারাইন ৩/৯১, রামপল ২/৫২)। ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১০২ (গেইল ৬৪*, পাওয়েল ৩০, ফুদাদিন ৭*, ব্রেসওয়েল ১/২৫)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সুনীল নারাইন।