ফিরেই জোড়া গোল এমিলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে মাঠ থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন জাহিদ হাসান এমিলি। তাঁকে কড়কড়ে এক হাজার টাকার নোট বের করে দিয়ে মোহাম্মদ সুজন বললেন, ‘এই নে তোর পুরস্কার।’ পুরস্কারটা দুই গোলের!টানা ৬ ম্যাচ মাঠের বাইরে বসে থাকা এমিলি যেন হাঁপিয়ে উঠেছিলেন। ব্যক্তিগতভাবে সুজন তাঁকে দিলেন গোলের পুরস্কার। আর এমিলি তাঁর ওপর আস্থা রাখার পুরস্কার দিলেন কোচ পাকির আলীকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এমিলির দল শেখ জামাল ধানমন্ডি ৬-০ গোলে উড়িয়ে দিল চট্টগ্রাম আবাহনীকে। অথচ কক্সবাজারে চট্টগ্রামের দলটি ১-১ গোলে শেখ জামালকে রুখে দিয়েছিল প্রথম পর্বে। এই জয়ে পয়েন্ট টেবিলে কোনো হেরফের হয়নি। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল শেখ জামাল। আর এখনো পর্যন্ত জয়শূন্য চট্টগ্রাম আবাহনী ৪ পয়েন্ট নিয়ে তলানিতে। ভঙ্গুর চট্টগ্রাম আবাহনীর রক্ষণ বলে কিছু ছিল না। তাদের সীমানায় বল নিয়ে ঢুকেছে আর মুড়ি-মুড়কির মতো গোল করেছে শেখ জামাল। গোলের শুরুটা করেছেন শেখ জামালের ডিফেন্ডার আরিফুল। ৭ মিনিটে করেন লিগে তাঁর দ্বিতীয় গোল (১-০)। লোগা বোউগার আদায় করা পেনাল্টি থেকে ২১ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন সুজন। দ্বিতীয়ার্ধে শেখ জামাল হয়ে ওঠে আরও ভয়ংকর। দ্বিতীয়ার্ধে এই লোউগা বোগার বদলে নেমেই মাঠ আলো করেন এমিলি। ৬১ মিনিটে পেয়ে যান তাঁর প্রথম গোল (৩-০)। তিন মিনিট পরই আরেকটি (৪-০)। গোল করেই ফাঁকা গ্যালারির দিকে ছুটে যান এমিলি। আনন্দে ওয়ালী ফয়সাল নিজের হাঁটুর ওপর এমিলির পা রেখে মজা করে সেটি ঘষে-মেজে দিলেন! ৭৩ মিনিটে নাসিরের ক্রস থেকে এমিলির দারুণ শটটা গোলরক্ষক মাসুদ আহমেদ কর্নারের বিনিময়ে না বাঁচালে হ্যাটট্রিকই পেয়ে যান এমিলি। এমিলির পর আসরে নামেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার সার্জিও চিকো। ৭৬ মিনিটে তিনি ব্যবধান বাড়ান (৫-০)। সম্ভাব্য গোল-বন্যা থেকে বাঁচতে চট্টগ্রাম আবাহনী উঠিয়ে নেয় গোলরক্ষক মাসুদকে। তাঁর বদলি সেলিমউল্লাহর হাতেও কোনো ম্যাজিক ছিল না। ওই সার্জিওই শেখ জামালের পক্ষে ষষ্ঠ গোলটি করেন ৭৯ মিনিটে (৬-০)। স্বাধীনতা কাপে চার আর ফিরতি লিগের প্রথম দুটি ম্যাচে দর্শক ছিলেন। কাল গোল পাওয়ার পর সেই এমিলিকেই দারুণ উচ্ছ্বসিত দেখাল, ‘বাইরে বসে থাকলে তো আত্মবিশ্বাস নেমে যায়, এভাবে ম্যাচে ফিরে গোল করতে পেরে অবশ্যই আত্মবিশ্বাস বেড়েছে।’ কিন্তু কোচ পাকির আলী তাঁকে স্বয়ংক্রিয়ভাবে পরের ম্যাচে নিশ্চয়তা দিচ্ছেন না, ‘আমার যখন যাকে প্রয়োজন তখনই তাকে খেলাব।’ এমন একপেশে ম্যাচে উত্তেজনা বলতে শেখ জামালের দুই সতীর্থ মামুন ও সুজনের তর্কাতর্কি। বিরতির সময় মামুনকে তেড়ে যেতেও দেখা গেছে সুজনের দিকে। তাঁকে অবশ্য থামান স্টিভ। ম্যাচের পর এই ঘটনাকে নিছকই ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিয়েছেন মামুন।