ফিরেই জয় হিঙ্গিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের পর সেই চিরচেনা উচ্ছ্বাস। মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে ধরা। অতঃপর দ্বৈতের সঙ্গী দানিয়েলা হানতুকোভার সঙ্গে আলিঙ্গন। কোর্ট ছেড়ে যাওয়ার আগে যথারীতি অটোগ্রাফশিকারিদের ভিড়। নিরাশ করলেন না তাঁদের। তবে নিরাশ করলেন তাঁদের, যাঁরা আশা করেছিলেন পরশু সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনের দ্বৈতে খেলে ছয় বছর পর পেশাদার টেনিসে ফেরা হিঙ্গিস একদিন এককেও খেলার ঘোষণা দেবেন। কিন্তু ৩২ বছর বয়সী হিঙ্গিস জানিয়ে দিলেন, আপাতত সে সম্ভাবনা নেই, ‘না, এককে নয়, ওটা পুরোপুরি আলাদা জগৎ।’হানতুকোভাকে নিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে সহজ জয়ই পেয়েছেন হিঙ্গিস। ৬-১, ৬-১ গেমে জিতেছেন জার্মানির জুলিয়া জর্জেস ও ক্রোয়েশিয়ার দারিয়া ইউরাক জুটির বিপক্ষে। হানতুকোভাকে নিয়েই বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে খেলার পরিকল্পনা হিঙ্গিসের। তাঁর আগে খেলবেন টরন্টোয়, সিনসিনাটি ডব্লুটিএ টুর্নামেন্টেও। তবে এককে নয়। কেন নয়, সে ব্যাখ্যাও দিয়েছেন মহিলা টেনিসের সাবেক এক নম্বর, ‘এখানে অনেক পরিশ্রম করতে হয়। টুর্নামেন্ট খেলাটা সহজ দেখায় কিন্তু এর পেছনে যে পরিশ্রম, ছয় থেকে আট ঘণ্টা অনুশীলন করা লাগে তা কেউ দেখে না। বয়স হয়ে গেলে তো সেটি করা আরও কঠিন।’ রয়টার্স, ওয়েবসাইট।