ম্যাচের আগে দৃষ্টি ছিল দুজনের দিকে। দারুণ বোলিং করে একজন দলের সফলতম বোলার, আরেকজন নিষ্প্রভ। ‘শর্তসাপেক্ষ অবসর’ থেকে ফিরেই শহীদ আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট, হয়েছেন ম্যাচ-সেরা। লাসিথ মালিঙ্গা ৫ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট পাননি একটিও।মালিঙ্গাকে অবশ্য লড়াইয়ের পুঁজিই দিতে পারেননি তাঁর সতীর্থরা। ম্যাচের চিত্রটাও নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুজনের পারফরম্যান্স থেকে? ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি পাকিস্তানের কাছে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ১৩১ রানেই গুটিয়ে ফেলেছিল পাকিস্তান। ইমরান ফারহাত ও ইউনুস খানের জোড়া ফিফটিতে ৮ উইকেট হাতে রেখে মাত্র ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে মিসবাহ-উল হকের দল। দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাফিজকে (৫) হারানোর পর দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন ফারহাত ও ইউনুস। ৫৭ বলে ৫৬ করে অপরাজিত থাকেন ইউনুস, ৬২ বলে ফিফটি ছুঁয়ে আউট হন ফারহাত।উইকেটে বোলারদের জন্য সহায়তা ছিল সামান্য, টস জিতে তাই ব্যাটিং নিয়েছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু এই সামান্য সহযোগিতাকেই দারুণভাবে কাজে লাগিয়েছেন পাকিস্তানের বোলাররা, সঙ্গে যোগ হয়েছিল শ্রীলঙ্কানদের একের পর এক বাজে শট খেলা। দুই পেসার উমর গুল ও আইজাজ চিমার সিম আর সুইং যথেষ্ট ভুগিয়েছে লঙ্কান টপ অর্ডারদের। দলে ফিরে আবদুল রাজ্জাকও করেছেন কার্যকর বোলিং।লঙ্কান ইনিংসে আসল মড়কটা লাগে স্পিনাররা আক্রমণে আসার পর। রানের চাকাও থেমে যায়, উইকেটও পড়তে থাকে টপাটপ। ১ চার আর ২ ছক্কায় দিনেশ চান্ডিমালের ২৮ রানই দলের সর্বোচ্চ। দীর্ঘ সময় কাটিয়েও উইকেট ছুড়ে এসেছেন উপুল থারাঙ্গা (৫৬ বলে ২৫) ও মাহেলা জয়াবর্ধনে (৫৭ বলে ২৪)। তৃতীয় উইকেটে থারাঙ্গা-চান্ডিমালের ৩০ রানই ইনিংসের সেরা জুটি! পুরো ইনিংসে চার ছিল মাত্র পাঁচটি, সব কটিই এসেছে প্রথম ২০ ওভারের মধ্যে। তিন ছয়ের দুটিই ছিল এই সময়ে, আরেকটি মেরেছেন শেষ দিকে লাসিথ মালিঙ্গা।আফ্রিদি উইকেট পেয়েছিলেন প্রথম ওভারেই, চান্ডিমালকে এলবিডব্লু করে। পরে আউট করেছেন সিকুগে প্রসন্নকে, মালিঙ্গাকে বোল্ড করে ইতি টেনেছেন ইনিংসের। ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন হাফিজ, ২১ রানে দুটি আজমল। ওয়েবসাইট।শ্রীলঙ্কা: ৪০.৩ ওভারে ১৩১ (থারাঙ্গা ২৫, দিলশান ৪, সাঙ্গাকারা ৫, চান্ডিমাল ২৮, জয়াবর্ধনে ২৪, ম্যাথুস ১০, কুলাসেকারা ০, প্রসন্ন ৫, মালিঙ্গা ১১, লাকমল ০; গুল ০/১১, আফ্রিদি ৩/২৭, আজমল ২/২১, হাফিজ ২/২৪, চিমা ১/১৮, রাজ্জাক ১/২৫)।পাকিস্তান: ২১.৫ ওভারে ১৩২/২ (হাফিজ ৫, ফারহাত ৫০, ইউনুস ৫৬*, সরফরাজ ৪*; লাকমল ২/১৬, মালিঙ্গা ০/৩৫, ফার্নান্ডো ০/৩৫, প্রসন্ন ০/২৩, কুলাসেকারা ০/১৭)।ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ীম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি