বরাবরই দলটির আধিপত্য ছিল সাইক্লিংয়ে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় সব রকমের খেলাধুলা স্থগিত করে দেওয়ায় গত তিন বছর সাইক্লিংয়ে অংশই নিতে পারেনি বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এনসিসি ব্যাংক ৩৪তম জাতীয় সাইক্লিংয়ে দেখা মিলল পুরোনো চেহারার বিজেএমসিকে। উদ্বোধনী দিনের চারটি ইভেন্টেই সোনা জিতেছেন বিজেএমসির সাইক্লিস্টরা।এটি হওয়ার কথা ছিল হাইওয়েতে। কিন্তু যানজট ও নিরাপত্তা বিবেচনায় শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে হচ্ছে প্রতিযোগিতা। মূল সূচিতে ৫০ কিলোমিটার রোড রেস ইভেন্ট থাকলেও সেটা কমে হয়েছে ২৪ কিলোমিটার টিম টাইম ট্রায়াল। একইভাবে ২৫ কিলোমিটার মাস স্টার্ট কমিয়ে আনা হয়েছে ১২ কিলোমিটারে। দর্শকশূন্য স্টেডিয়ামে মোটেই জমেনি সাইক্লিং। অথচ গত মৌসুমে কুড়িগ্রামে জাতীয় সাইক্লিংটা অনেক জমজমাট হয়েছিল বলে দাবি আনসারের সাইক্লিস্ট শাকিলের, ‘হাইওয়েতে হলে অবশ্যই ভালো হতো। রাস্তার দুই ধারে দর্শক দেখে আরও বেশি উৎসাহ পেতাম।’ ট্র্যাকে সাইকেল চালিয়ে স্বাভাবিক গতি উঠছে না বলে মনে হয়েছে বিজেএমসির কোচ আবদুল কুদ্দুসের, ‘অ্যাথলেটিকস ট্র্যাকটা রাবারের। আবার সাইকেলের টায়ারও রাবারের। এতে সাইকেল টেনে ধরে বলে গতি কমে যায়। তাই রেকর্ড গড়ে সোনা জেতার সম্ভাবনা এখানে খুব কম।’ এভাবে অ্যাথলেটিকস ট্র্যাকের ওপর সাইকেল চালানো কতটুকু যুক্তিযুক্ত? সেই প্রসঙ্গে না গিয়ে অ্যাথলেটিকস ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলম দিলেন অন্য যুক্তি, ‘গত এসএ গেমসের সময় তো ভারী ভারী ট্রাক আর পিকআপ এর ওপর দিয়ে গেছে। সেই তুলনায় এই সাইকেল আর মানুষের কতই বা ওজন হবে?’সাইক্লিংয়ে গত তিন বছরের চ্যাম্পিয়ন আনসার প্রথম দিনেই পদক হারিয়ে চাপের মুখে। কোচ শামসুল হককে বেশ চিন্তিত দেখাল। তবে ডেমরা করিম জুটমিলে টানা পাঁচ মাস অনুশীলন করানো বিজেএমসি কোচের চোখেমুখে ছিল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।