ফিরেই বেরিয়ে গেলেন কাকা
প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে গেছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে সেখানেই ফিরেছিলেন কাকা। কিন্তু অনুশীলনে ফিরেই আবার ব্যাগ-ট্যাগ গুছিয়ে বেরিয়ে গেলেন ব্রাজিলিয়ান প্লে-মেকার।রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প থেকে কাকার বেরিয়ে যাওয়ার অন্য অর্থ খুঁজতে পারেন অনেকেই। হোসে মরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকেই গুঞ্জন চলছে, কাকা রিয়াল ছাড়তে পারেন। মরিনহোও নাকি ঠারেঠোরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কাকা তাঁর পরিকল্পনার সঙ্গে ঠিক যায় না।তবে যুক্তরাষ্ট্রে রিয়ালের অনুশীলনে ফিরেই যে কাকা আবার বেরিয়ে গেলেন, এর কারণ এমন কিছু নয়। অনুশীলনে ফিরেই টের পেয়েছেন, চোট বাসা বেঁধে আছে তাঁর হাঁটুতে। সেই চোট সারাতেই বেলজিয়ামে গেছেন ক্লাবের চিকিত্সককে নিয়ে। অনুশীলনে ফিরে নিয়মিত ফিটনেস পরীক্ষা দিতে গিয়েই অনুভব করেন, হাঁটুতে সমস্যা হচ্ছে। এরপর ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে হাঁটুতে সত্যিই চোট বয়ে বেড়াচ্ছেন কাকা।রিয়াল মাদ্রিদের চিকিত্সক কার্লোস ডিয়েজ কাকাকে নিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে বেলজিয়ামের অ্যান্টুয়ার্প গেছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিত্সককে দেখানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কাকার হাঁটুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন এবং কালই করা হয়েছে অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারের ফল—তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে কাকাকে। এর মানে নভেম্বরের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। এমনকি ডিসেম্বর পর্যন্ত বাইরে থাকতে হতে পারে তাঁকে। তাহলে লা লিগার শুরু দিকের ম্যাচগুলো তো মিস করবেনই, মিস করবেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোও। রিয়াল মাদ্রিদের জন্য এটা নিশ্চয়ই বড় এক ধাক্কা হয়ে এসেছে। রিয়ালের নতুন কোচ মরিনহো অবশ্য সেটা মানছেন না। তাঁর কথা, ‘তাকে যদি আমরা কিছুদিনের জন্য হারাই, তাহলে কোনো নাটকীয়তা থাকবে না। আমাদের আরও অনেক খেলোয়াড় আছে। তবে হ্যাঁ, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’কাকার চোট কোনো সমস্যা নয়, এ কথা বিশ্বকাপের আগে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গাও বলেছিলেন। কিন্তু বিশ্বকাপ শেষে শোনা গেল ব্রাজিলের বিশ্বকাপ-ব্যর্থতার অন্যতম কারণ ছিল পুরো ফিট কাকাকে না পাওয়া। কুঁচকির চোট নিয়েই বিশ্বকাপে গিয়েছিলেন কাকা, খেলেছেনও।তবে গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই যেমন নিজের ছায়া হয়ে আছেন, তা থেকে আর বেরিয়ে আসতে পারেননি। বিশ্বকাপ শেষে ব্রাজিল দলের চিকিত্সক বলেছেন, কাকা চোট নিয়েই খেলেছেন।চোট আসলে কাকার পিছু নিয়েছে এসি মিলান ছেড়ে আসার পর থেকেই। কাকার গত মৌসুমের প্রায় অর্ধেকটাই খেয়ে নিয়েছে এই চোট। এবারও মৌসুম শুরু করছেন চোট নিয়ে। কবে যে এসি মিলানের কাকাকে দেখবে রিয়াল মাদ্রিদ! এএফপি, ওয়েবসাইট।