ফিরেই মেসির জোড়া গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট কাটিয়ে স্বরূপেই ফিরলেন মেসি। সমর্থকদের মাতিয়েছেন জোড়া গোলে ছবি: রয়টার্স।
চোট কাটিয়ে স্বরূপেই ফিরলেন মেসি। সমর্থকদের মাতিয়েছেন জোড়া গোলে ছবি: রয়টার্স।

মাঠে ফিরেই স্বরূপে লিওনেল মেসি। তাঁর জোড়া গোলে কাল রাতে কোপা দেল রে-র শেষ ষোলোর ম্যাচে গেটাফেকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসির সঙ্গে জোড়া গোলের গর্ব সেস ফ্যাব্রিগাসেরও।

কালকের ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও মেসি কিন্তু প্রথম একাদশে ছিলেন না। ম্যাচের শেষ ২৬ মিনিট তিনি মাঠে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে। মাঠে যতক্ষণ ছিলেন মেসি বুঝিয়ে দেন আঘাতের কারণে খেলায় বিরতি এলেও তাঁর খেলা আগের মতোই আছে। মেসির খেলা ছিল আগের মতোই ক্ষিপ্র গতির, নিজের প্রতিভার স্ফূরণে তিনি যে মরচে পড়তে দেননি, সেটা বেশ ভালোভাবেই কাল প্রমাণ করে দিয়েছেন আর্জেন্টাইন এই প্লে মেকার।

মেসি যখন মাঠে নামেন, তখন ফ্যাব্রিগাসের জোড়া গোল বার্সেলোনাকে ম্যাচে এগিয়ে রেখেছে ২-০ গোলের ব্যবধানে। খেলার নয় মিনিটে ফ্যাব্রিগাস পেয়ে যান নিজের প্রথম গোলটি। প্রথমার্ধে বার্সেলোনা এগিয়ে ছিল ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬৩ মিনিটে ওই ফ্যাব্রিগাসই নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। মাঠে নামার পর মেসি প্রথম গোল পান ৮৯ মিনিটে। অতিরিক্ত সময়ে দারুণ এক গোলে তিনি বার্সার সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান। ডান প্রান্তে প্রাপ্ত একটি বল ধরে দুর্দান্ত গতিতে গোটাফে ডিফেন্ডারদের বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। গোলটি ছিল মেসির ক্ষিপ্রতা আর প্রতিভার এক চমত্কার মিশেল।

অসুস্থতার জন্য কাল খেলেননি ব্রাজিলীয় তারকা নেইমার। কোচ জেরার্ডো মার্টিনো শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ সামনে রেখে বিশ্রাম দিয়েছিলেন কয়েকজন তারকাকে। তবে গেটাফের বিপক্ষে মেসির বিপুল বিক্রমে ফিরে আসায় অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচটিতে দলকে নিয়ে তিনি আত্মবিশ্বাসের তুঙ্গেই থাকবেন—এ কথা জোর দিয়েই বলে দেওয়া যায়।