
একটা সময় জাতীয় যুব হকির শিরোপা জেতাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছিল বিকেএসপি। ১৯৮৯ সাল থেকে শুরু করে ১৭ আসরের ১২টিতেই চ্যাম্পিয়ন তারা। তবে গত তিন বছর ফেডারেশনের বিধিনিষেধের কারণে যুব হকিতে অংশ নিতে পারেনি বিকেএসপি। এ বছর ফিরেই আবার চ্যাম্পিয়ন।
নকআউট পদ্ধতির টুর্নামেন্টে প্রথম ম্যাচে মেহেরপুরের সঙ্গে ওয়াকওভার পেয়েছিল বিকেএসপি। কিন্তু পরের প্রতিটি ম্যাচেই জিতেছে দাপটের সঙ্গে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢাকা জেলার সঙ্গে কালকের ফাইনালটাও হলো একপেশে। ঢাকা জেলাকে ৬-০ গোলে উড়িয়েই শিরোপা জিতলেন বিকেএসপির যুবার। ২টি গোল করেছেন আরশাদ, ১টি করে গোল রাজু, মোহসিন, মাহবুব ও রাব্বির।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জয়ী দলেরই আশরাফুল ইসলাম। আর ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিয়েছেন ঢাকা জেলার দ্বীন ইসলাম। ক্রেস্টের সঙ্গে দুজনই পেয়েছেন ১০ হাজার করে টাকা।
আবারও দলকে চ্যাম্পিয়ন করতে পেরে উচ্ছ্বসিত বিকেএসপির কোচ কাউসার আলী, ‘গত তিন বছর আমরা বিভিন্ন কারণে যুব হকি খেলতে পারিনি। এই দল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আমি ছেলেদের পারফরম্যান্সে খুবই খুশি। এদের অনেকেই খুব প্রতিভাবান। এরাই ভবিষ্যতে জাতীয় দলে খেলবে।’
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।