ফিরেছেন ডি ক্রুইফ

বড়দিনের ছুটিতে দুজনই দেশে গিয়েছিলেন। এক মাস ২২ দিন পর ফিরেছেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছালেও কালই প্রথম যান ফুটবল ফেডারেশনে। সৌজন্য সাক্ষাৎ নয়, গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বকেয়া বেতন-ভাতা নিয়ে আলোচনা করতে। কিন্তু ব্যস্ত সভাপতি সময় দিতে পারেননি। তবে আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন উদ্যমে কাজ শুরু করবেন দুই কোচ। এ জন্য কোচদের আগামী পরিকল্পনাও জমা দিতে বলা হয়েছে।
দুই ডাচ কোচের তিন মাসের বেতন বকেয়া। সব বেতন পরিশোধের কথা ছিল ৫ ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু তা তাঁরা পাননি। গুঞ্জন ভাসছে—বেতন না পেলে নাকি ডি ক্রুইফ ও কোস্টার দেশে ফিরে যাবেন। যদিও চুক্তির বাকি আছেন এখনো এক বছর চার মাস। তবে মনে যা-ই থাকুক, মুখের কথায় অন্তত ডি ক্রুইফকে এখনো বাফুফের প্রতি দায়বদ্ধ মনে হচ্ছে, ‘না না, আমি এসব ভাবছি না। আমাদের চুক্তি বাতিল করার প্রশ্নই আসে না। আমরা নেতিবাচক কিছু ভাবতেও চাই না। আমরা এ দেশের ফুটবলের উন্নয়নে কাজ করতে এসেছি।’
এর আগে বেতনের জন্য বাফুফে সভাপতির বাড়ি পর্যন্ত ধরনা দিয়েছিলেন দুই কোচ। বেতন না নিয়েই তখন ফিরে যান। কাল জানালেন, দেশেও বেশ কিছু ধারদেনা করে এলেও বেতনের জন্য কোনো চাপ দিতে চান না। আশায় আছেন সভাপতি এবার প্রতিশ্রুতি রক্ষা করবেন, ‘আমরা সভাপতি ও সহসভাপতির সঙ্গে কথা বলেছি। আপাতত আমরা তাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো কাজ শুরু করব না। আশা করছি, এর একটা ভালো সমাধান হবে। এরপরই ভালোভাবে সব শুরু করতে পারব।’
কাজ শুরু করলে অবশ্য অনেক কাজই সামনে পাবেন। আগামী ৫ মার্চ গোয়ায় ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর এএফসি অনূর্ধ্ব-২২ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস ও অলিম্পিক বাছাইপবের্র খেলা আছে। তবে আপাতত ভারতের সঙ্গে ম্যাচটা নিয়েই ভাবছেন ডি ক্রুইফ, ‘আপাতত সব মনোযোগ ৫ মার্চ তারিখে।’ শিগগিরই জাতীয় দলের ক্যাম্প ডাকতে চান ডি ক্রুইফ, ‘নতুন করে জাতীয় দল সাজানোর জন্য সবার আগে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা করতে হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব ওদের নিয়ে ক্যাম্প শুরু করতে হবে। কিন্তু শেখ জামাল এখন ভারতে। সেখানে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছে। হাতে সময় বেশি নেই।’