ফিরেছেন ভাগ্যবান পুলিদো!

জমজমাট এক হলিউডি চলচ্চিত্রের চিত্রনাট্য যেন! দুটি আইন প্রয়োগকারী সংস্থা হাতে হাত মিলিয়ে অংশ নিল এক অভিযানে। লক্ষ্য একটিই—যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে অ্যালান পুলিদোকে। উত্তেজনাকর ২৪ ঘণ্টার শেষে মিলল স্বস্তির খবর। সফল অভিযান—উদ্ধার হয়েছেন পুলিদো।
ঘটনার শুরুটাও হয়েছিল হলিউডি চলচ্চিত্রের চিত্রনাট্য মেনে। শনিবার রাতে বান্ধবীকে নিয়ে সিউদাদ ভিক্টোরিয়ায় এক পার্টি থেকে ফিরছিলেন মেক্সিকান স্ট্রাইকার। হঠাৎ বেশ কয়েকটি গাড়ি পুলিদোর গাড়ির সামনে এসে রাস্তা বন্ধ করে দেয়। ছয়জন অস্ত্রধারী জোর করে তুলে নিয়ে যায় পুলিদোকে। ২০১৪ বিশ্বকাপে মেক্সিকো দলে থাকা পুলিদোকে উদ্ধার করার জন্য অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলা পুলিদো অবশ্য ভাগ্যবান। কারণ মেক্সিকোর তামাউলিপাস রাজ্যে অপহরণ নিয়মিত ঘটনা। সরকারি হিসাবেই প্রতিবছর শুধু এ রাজ্যেই সাড়ে পাঁচ হাজার লোক অপহরণের শিকার হয়। বেসরকারি হিসাবে সংখ্যাটি কয়েক গুণ বেশি। মাদক ব্যবসার স্বর্গ তামাউলিপাসে নিজেদের আধিপত্য দেখাতে শক্তির মহড়া দেয় বিভিন্ন মাদক চক্র। খুন ও অপহরণের শিকার হন নিরীহ মানুষ।
ভাগ্য ভালো এ তালিকায় পুলিদোর নাম যুক্ত হয়নি। স্থানীয় সময় রোববার রাত ১২টার কিছু আগে পুলিদোকে উদ্ধার করা হয়। পরে পুলিদোর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে পুলিদো শুধু বলতে পেরেছেন, ‘ভালো আছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, ভালো আছি।’ ডান হাতে ব্যান্ডেজ নিয়ে পুলিদো, তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তামাউলিপাস রাজ্যের গভর্নর এহিদিও তোরে কান্তু। তিনি এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছেন। কিন্তু কান্তুর কণ্ঠে স্বস্তিটাই ছিল বেশি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে এখানে, সে আমাদের সঙ্গে।’
কোপা আমেরিকার মেক্সিকো দলে সুযোগ পাননি পুলিদো। ইউরোপিয়ান মৌসুম শেষ হয়ে যাওয়ায় ছুটি কাটাতে নিজের শহর সিউদাদ ভিক্টোরিয়ায় এসেছিলেন পুলিদো। ছুটির শুরুটা বোধ হয় এর চেয়ে খারাপ আর কিছু হতে পারত না! এএফপি।