ফিলিপাইনে হতাশ করলেন সিদ্দিকুর
বছরটা শেষ করতে চেয়েছিলেন আলোয় রাঙিয়ে। গলফার সিদ্দিকুর রহমান সেভাবেই যেন এগোচ্ছিলেন গত কয়েকটা টুর্নামেন্টে। দিল্লিতে প্যানাসনিক ওপেন অল্পের জন্য ট্রফিটা হাতে তুলতে পারেননি, সন্তুষ্ট থেকেছেন রানার্সআপ হয়েই। এরপর সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপে তিন রাউন্ড পর্যন্ত ছিলেন শীর্ষে। কিন্তু শেষ দিনে এসে এতটাই বাজে খেলেন যে নেমে যান ত্রিশে। দুঃসময় পিছু নিয়েছে ফিলিপাইনেও। প্রথম রাউন্ডেই চোখ রাঙাচ্ছিল কাট মিসের শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো—কাট মিস করেছেন সিদ্দিকুর। এ বছরে ১৬টি টুর্নামেন্টে খেলেছেন, সিদ্দিকুর এর আগে সর্বশেষ কাট মিস করেছিলেন গত জুলাইয়ে, সুইজারল্যান্ডে ওমেগা মাস্টার্সে।
কাল দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে হয়েছেন ৮৭তম। কাল তিনি দুটি বার্ডি করেছেন, বগি করেছেন তিনটি। পারের চেয়ে ১০ শট কম খেলে লিডারবোর্ডে যুগ্মভাবে শীর্ষে আছেন চীনা তাইপের হাং চিয়েন-ও, লি চিয়েন-পো ও দক্ষিণ আফ্রিকার বে ক্রুগার।