ইরানি গোলরক্ষক মরিয়ম তখনো পুরো প্রস্তুত হয়ে উঠতে পারেননি। মুহূর্তেই মাঝমাঠ থেকে বল নিয়ে বেরিয়ে এলেন ফিলিপাইনের হেদার কুক। কিছু বুঝে ওঠার আগেই বল ইরানের জালে। ম্যাচের প্রথম মিনিটেই গোল! ভ্যাবাচেকা খেয়ে যখন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইরান, তখনই ৩ ও ৪ মিনিটে আরও দুটি গোল ম্যারি ও জেসে আনের। চার মিনিটে তিন গোল খেয়ে ইরানের ম্যাচ ততক্ষণে শেষ। মরার ওপর খাড়ার ঘাঁয়ের মতো ৩৪ মিনিটে আত্মঘাতী গোল। এশিয়ান মহিলা কাপ ফুটবলের বাছাই পর্বের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ইরানকে ৬-০ গোলে উড়িয়ে দারুণ শুরু করল ফিলিপাইনের মেয়েরা। ৪১ ও ৯০ মিনিটে বাকি দুই গোল করেন জোয়ানা ও জেসে আনে।হতাশ ইরানি কোচ হেলেনা ডি কস্তা বললেন, ‘শুরুতেই খেলোয়াড়েরা অমনোযোগী ছিল, তিন গোল খাওয়ার এটা বড় কারণ। গোল খেয়ে ওরা মনোবলও হারিয়ে ফেলে। তবে এখনই আমাদের সব শেষ হয়ে যায়নি।’ ফিলিপাইনের কোচ আর্নেস্ট টমাস খুবই খুশি, ‘জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। বড় জয়ে শুরু করেছি বলে খুব ভালো লাগছে।’