ফিল্ডিংকেই দুষলেন কুক
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হারার পর গতকাল সিরিজে টিকে থাকার জন্য তৃতীয় ওয়ানডেটি জয়ের আপ্রাণ চেষ্টা করেছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারতকে ২৯৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও চূড়ান্ত বাজে ফিল্ডিংয়ের বলি হতে হয়েছে সফরকারীদের। শেষ পর্যন্ত পাঁচ উইকেটের হারের পর দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারটা মেনে নিতে হয়েছে কুক-ট্রট-পিটারসেনদের। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও সেই হতাশার কথা ঢেকে রাখেননি অ্যালিস্টার কুক। বাজে ফিল্ডিংয়ের কারণেই হারতে হয়েছে বলে খোলাখুলিই স্বীকার করলেন এই ইংলিশ অধিনায়ক।গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কুক বলেছেন, ‘গত দুই ম্যাচের থেকে তৃতীয় ওয়ানডেতে আমাদের পারফরমেন্স অনেক ভালো হয়েছিল। আমরা ভালো খেলেছি। কিন্তু সেটা জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য যথেষ্ট ছিল না। বাজে ফিল্ডিংয়ের কারণে আমরা অন্তত ২০-২৫ রান বেশি দিয়েছি। বিশ্বচ্যাম্পিয়ন একটা দলের বিপক্ষে এতগুলো ভুল করাটা সত্যিই খুব হতাশাজনক। জয়ের জন্য ৩০০ রানটা বেশ ভালো সংগ্রহ। আমরা এতেও জিততে পারতাম। কিন্তু খারাপ ফিল্ডিংয়ের জন্যই ম্যাচটা হেরেছি।’ভারতকে ২৯৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা বেধে দিয়ে ফিল্ডিং করতে নেমে উইকেটরক্ষক ক্রেইগ কিসওয়েটার দুবার খুব বড় ভুল করেছেন। প্রথমে একবার বিরাট কোহলির ব্যাট ছুঁয়ে আসা বল তাঁর গ্লাভস গলে বেড়িয়ে যায়। দ্বিতীয়বার তিনি রবীন্দ্র জাদেজাকে রানআউট করার চমত্কার সুযোগ কাজে লাগাতে পারেননি। এই জাদেজাকে সঙ্গে নিয়েই ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান ধোনি। পিটিআই।