ফিল্যান্ডারে বিধ্বস্ত নিউজিল্যান্ড
বেসিন রিজার্ভের পাশেই একটা হাসপাতাল থাকলে খুব ভালো হতো। ওয়েলিংটন টেস্টের চার দিন যেতে না-যেতেই যে হাসপাতালে ঘুরে এলেন তিন ক্রিকেটার। হাশিম আমলা, জ্যাক ক্যালিসের পর রস টেলর। কাল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে হাত ভেঙেছে কিউই অধিনায়ক রস টেলরের।এই ম্যাচে অধিনায়ককে ফিরে পাওয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ বাঁচানো—দুটির সম্ভাবনাই একেবারে ক্ষীণ। ১ রানের জন্য ফলোঅন এড়ানো স্বাগতিকেরা চতুর্থ দিন শেষে পিছিয়ে আছে ২৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭৫ রান তুলে ফেলা দক্ষিণ আফ্রিকা আজ শেষ দিনে নিউজিল্যান্ডের সামনে কত রানের লক্ষ্য দেয় সেটাই দেখার বিষয়। এরপর বাকি কাজটা স্মিথ ছেড়ে দেবেন তাঁর পেসারদের হাতে।আগের দিনের বিনা উইকেটে ৬৫ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। আরও ২০ রান যোগ করার পরই বিচ্ছিন্ন হয় ফ্লিন-গাপটিলের উদ্বোধনী জুটি। ফ্লিনকে বাউচারের হাতে ক্যাচ বানিয়ে ধসের সূচনা করেন আবারও ৬ উইকেটে পাওয়া ভারনন ফিল্যান্ডার। ৮১ রানে এই ৬ উইকেট নেওয়ার পথেই গত ১১৬ বছরের মধ্যে সবচেয়ে কম টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই ডানহাতি পেসার। ইনিংসের সর্বোচ্চ রান করা গাপটিলকে এলবিডব্লু করে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট ফেলেছেন। লাঞ্চের পর নিখুঁত বোলিংয়ের পুরস্কার হিসেবে পেয়েছেন লেজের দিকের ৪ উইকেট। এই নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেলেন ২৬ বছর বয়সী এই বোলার। নিউজিল্যান্ড সবচেয়ে বড় আঘাতটা পায় ৬৬তম ওভারে। মরনে মরকেলের এক বাউন্সার লাগে টেলরের বাঁ হাতে। ওই আঘাত নিয়েই আর এক বল খেলার পরই অবসর নিতে বাধ্য হন টেলর। দলের রান তখন ছিল ১৬০। টেলরের অবসরের পরও ৩ উইকেটেই ২১৯ করে ফেলেছিল স্বাগতিকেরা। মনে হচ্ছিল খুব সহজেই ফলোঅন এড়াতে যাচ্ছে তারা। কিন্তু ৫৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারানো দলটি কোনো রকমে এড়ায় ফলোঅন। ২৬৩ রানের মাথায় পড়ে ৩ উইকেট।দিন শেষে ওভারপ্রতি ৫ রান তুলে ৭৫ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করছিলেন গ্রায়েম স্মিথ ও আলভিরো পিটারসেন। ওয়েবসাইট।