ফিল্যান্ডারে ভূপাতিত শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি হবে একপেশে— সিরিজ শুরুর আগে বোদ্ধাদের ভবিষ্যদ্বাণী ছিল এমনই। এটিই যে সত্যি হবে, মাত্র আড়াই দিনে সেঞ্চুরিয়ন টেস্টের নিষ্পত্তি আভাস দিল তারই। ভঙ্গুর শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯.১ ওভারেই অলআউট করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জিতল ইনিংস ও ৮১ রানে। লঙ্কানরা বধ হলো আসলে ভারনন ফিল্যান্ডারের হাতে। দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার।অভিষেকের পর থেকেই ইনিংসে ৫ উইকেট নেওয়াটাকে যেন ডালভাত বানিয়ে ফেললেন ফিল্যান্ডার। তিন টেস্টের ক্যারিয়ারে ছয় ইনিংস বল করে চারবারই পেলেন ৫ উইকেট। তবে ম্যাচে ১০ উইকেট এই প্রথম। দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে মাত্র তিন ম্যাচেই ২৪ উইকেট নেওয়া ফিল্যান্ডারের হাতে।২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কার পতনের শুরু কাল অধিনায়কের হাত ধরেই। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের ঠিক ১১ রানের মাথায় আউট তিলকারত্নে দিলশান। তাঁকে উইকেটকিপার মার্ক বাউচারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন ফিল্যান্ডার। ডানহাতি এই পেসারের বলে আরও তিনটিসহ এই ইনিংসে ছয়টি ক্যাচ নিয়েছেন বাউচার। এই নিয়ে চারবার ইনিংসে ছয়টি ক্যাচ নিলেন বাউচার। এমন হতাশার দিনে শ্রীলঙ্কার সান্ত্বনা হতে পারত প্রথম লঙ্কান হিসেবে মাহেলা জয়াবর্ধনের ১০ হাজার টেস্ট রান। এই মাইলফলক থেকে এক রান দূরে থাকতে রানআউট হয়ে হতাশাটাই শুধু বাড়িয়েছেন।এর আগে দিনের প্রথম বলটিকে সীমানা ছাড়া করে ফিফটি করেছিলেন বাউচার। ইমরান তাহিরের সঙ্গে শেষ উইকেটে তাঁর ৬১ রানের জুটিতেই দক্ষিণ আফ্রিকা পেরোয় ৪০০। বাউচার ৬৫ রান করে আউট হলেও ২৯ রানে অপরাজিত থেকে যান ইমরান তাহির। ওয়েবসাইট।